তিউনিশিয়ার জালে গোলোৎসব করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল সুইডেন। নিজেদের প্রথম ম্যাচটি সেদিন পাঁচ গোলের ব্যবধানে জিতেছিল সুইডিশরা। তবে গত রাতে হিউস্টনে মুদ্রার উল্টো পিঠ দেখল তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে সুইডেন।
নেদারল্যান্ডসের দুই ঝড়ে উড়ে গেছে সুইডেন। প্রথম ঝড়ের নাম ব্রায়ান ব্রোবি। ১২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এই ফরোয়ার্ড। তাতে হিউস্টনের পুরো গ্যালারিতে কমলা রঙের ঢেউ ওঠে। শুরুটা হয় ম্যাচের ৫ মিনিটে। বাঁ প্রান্ত থেকে কোডি গাকপোর বাড়ানো পাসে বল জালে জড়ান স্যান্ডারল্যান্ডের এই ফরোয়ার্ড। তাঁর দ্বিতীয় গোলটিও অনেকটা একই রকম। এবার ম্যাচের ১৭ মিনিটে ডান প্রান্ত থেকে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে গোল করেন ২৫ বছর বয়সী ব্রায়ান ব্রোবি। তাতে ম্যাচের শুরুতেই হারের শঙ্কা জেঁকে ধরে সুইডেনের ওপর।
বিরতির পরপরই গাকপোর আরেক ঝড়ে ব্যবধান বাড়ায় ডাচরা। সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন গাকপো। দ্বিতীয়ার্ধের কিক অফের দুই মিনিটের মাথায় সতীর্থ ডামফ্রিসের বাড়ানো বলে দারুণ ফিনিশিং করেন গাকপো। তিনি নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন ম্যাচের ৫৪ মিনিটের সময়। বদলি হিসেবে নামা ক্রিসেনসিও সামারভিলের অ্যাসিস্টে গোল করেন গাকপো। সামারভিল অবশ্য অ্যাসিস্ট করেই সন্তুষ্ট হননি। ম্যাচের শেষ মুহূর্তে সুইডেনের জালে পাঁচ নম্বর গোলটি যায় তাঁর পা থেকে। বদলি হিসেবে নামা মেম্ফিস ডিপাইয়ের পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরশিটে নাম তোলেন তিনি।
এর আগে ৫৯ মিনিটের সময় ব্যবধান কমিয়েছিল সুইডেন। আলেক্সান্ডার ইসাকের পাস থেকে গোলটি করেন অ্যান্থনি এলেঙ্গা। আজ অবশ্য ভাগ্যকেও খুব একটা পাশে পায়নি সুইডেন। সুযোগ হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি। দারুণ দক্ষতা দেখিয়েছেন নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। পুরো ম্যাচে সাতটি দুর্দান্ত সেভ দিয়েছেন ২৩ বছর বয়সী এই গোলরক্ষক। এই জয়ে ‘এফ’ গ্রুপ থেকে শীর্ষে উঠে এলো নেদারল্যান্ডস। নিজেদর প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা।



