রাজবাড়ীতে এক জামায়াত নেতার হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মাগুরায় ভাতিজার ইটের আঘাতে মারা গেছেন বৃদ্ধ চাচা। দিনাজপুরে পায়ের রগ কেটে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধে।
এ ছাড়া বরিশাল, যশোর ও ময়মনসিংহে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর—
রাজবাড়ী : কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক জামায়াত নেতার দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আসাদুল ইসলাম (২৪) মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামী মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে সোনাপুর হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আসাদুল। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। জামায়াতে ইসলামী মদাপুর ইউনিয়ন শাখার আমির ফিরোজ আহমেদ জানান, দুর্বৃত্তরা আসাদুলের হাত-পা বেঁধে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। পরে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মাগুরা : পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির সময় ভাতিজার ছোড়া ইটের আঘাতে চাচা আরব আলী নিহত হয়েছেন। গতকাল দুপুরে কোদালিয়া শ্রীরামপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। লাশ সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) : বোচাগঞ্জে ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধে। গতকাল সকালে তিনি মৃত্যুরণ করেন। এর আগে গত রবিবার দুপুরে উপজেলার রামদাসপাড়ায় অবস্থিত তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা ও মিলের শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রায়ই মোস্তাফিজের সাবেক স্ত্রী শিল্পী মিলে এসে ঝগড়াবিবাদ করতেন। রবিবারও ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মিলমালিককে আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরদিন মারা যান।
বরিশাল : কালিজিরা নদী থেকে গতকাল সকালে বস্তাবন্দি অবস্থায় এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমুল মোল্লা (২২) নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে। গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হতে পারে। লাশের ধরন দেখে মনে হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
অভয়নগর (যশোর) : গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোহিনী বিশ্বাস (৭৫) নামের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের রাজবংশীপাড়ায় নিজ ঘরের বারান্দা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহিনী বিশ্বাস ওই গ্রামের মৃত মৃন্দা বিশ্বাসের স্ত্রী।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রিয়ামনি (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল কংস নদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
গফরগাঁও (ময়মনসিংহ) : পৌর শহরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরিফুল ইসলাম গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী ও ফুলবাড়িয়া সদরের দক্ষিণ আন্দারিয়া গ্রামের আবু রায়হানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের শিলাসী মাজারবাড়ি এলাকায় মজিবর রহমানের বাসার ছাদের একটি কক্ষে থাকতেন শরিফুল। গতকাল কাজে না যাওয়ায় ব্যাংক থেকে বাসার মালিককে ফোন করে শরিফুলের খোঁজ করা হয়। পরে শরীফের কক্ষের বন্ধ দরজা খুলে তাকে ফাঁসিতে ঝুলতে দেখা যায়।

