• ই-পেপার

ক্যান্সার চিকিৎসায় কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়

পাকিস্তানের কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, দাবি ভারতীয় সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক
পাকিস্তানের কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, দাবি ভারতীয় সেনাপ্রধানের
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত

পাকিস্তান শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার দাবি, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা ওই অঞ্চল এখনও সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলা, প্রশিক্ষণ এবং ভারতশাসিত কাশ্মীরে অনুপ্রবেশে ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে সেখানে চীনের সামরিক ও অবকাঠামোগত তৎপরতাও ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এনডিটিভির জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক আদিত্য রাজ কৌলকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এসব কথা বলেন। তিনি বলেন, ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল হলেও তা এখনও সংবেদনশীল অবস্থায় রয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি স্থিতিশীল মানে এই নয় যে ভারত আত্মতুষ্টিতে ভুগছে। সম্ভাব্য যেকোনও হুমকি মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ভারতীয় সেনাবাহিনী শক্তিশালী মোতায়েন ব্যবস্থা বজায় রেখেছে।

ভারতীয় এই সেনাপ্রধান আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) অবসরে যাচ্ছেন। এর একদিন আগে দেয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, উত্তর সীমান্তে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। উভয় দেশই এখন একে অপরের উদ্বেগের বিষয়ে আরও সংবেদনশীল ও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

তিনি বলেন, ‘উত্তর সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল, তবে সংবেদনশীল। সেনা প্রত্যাহারসংক্রান্ত চুক্তিগুলো সীমান্তে স্থিতিশীলতা বাড়িয়েছে। গত এক বছরে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে নতুন করে যোগাযোগ শুরু হওয়ায় উত্তেজনা কমেছে, সীমান্ত ব্যবস্থাপনার নিয়মিত বিষয়গুলোর সমাধান হয়েছে এবং পারস্পরিক আস্থাও কিছুটা বেড়েছে।’

উপেন্দ্র দ্বিবেদী বলেন, ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সীমান্ত নির্ধারণের বিভিন্ন বিকল্প খতিয়ে দেখতে ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশনের (ডব্লিউএমসিসি) অধীনে বিশেষজ্ঞ দল গঠন, কৈলাশ মানস সরোবর যাত্রা ও সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর উদ্যোগ, তিনটি সীমান্তপথ দিয়ে বাণিজ্যে ঐকমত্য এবং ভিসা সহজ করার ব্যবস্থা।

সামরিক পর্যায়েও নিয়মিত আস্থা তৈরির নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি। তার ভাষায়, ‘প্রতি বছর দুই পক্ষের মধ্যে ১ হাজার ১০০টির বেশি মাঠপর্যায়ের বৈঠক হয়। হটলাইন, পতাকা বৈঠক এবং কমান্ডার পর্যায়ের আলোচনার মতো প্রতিষ্ঠিত ব্যবস্থার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলোর সমাধান করা হচ্ছে।’

তবে তিনি স্পষ্ট করে বলেন, ভারতীয় সেনাবাহিনী কোনোভাবেই আত্মতুষ্টে ভুগছে না। সীমান্তে অবকাঠামো উন্নয়ন, নজরদারি, রসদ সরবরাহ, সেনা চলাচলের সক্ষমতা এবং সামরিক সক্ষমতা বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘স্থিতিশীলতা মানে আত্মতুষ্টি নয়। যেকোনও হুমকি প্রতিহত করা এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী শক্তিশালী মোতায়েন বজায় রেখেছে। উত্তর সীমান্তে অবকাঠামো উন্নয়ন, নজরদারি, রসদ, চলাচলের সক্ষমতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি এখন অগ্রাধিকার। সীমান্তের নিয়মিত ব্যবস্থাপনা থেকে শুরু করে যেকোনও সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।’

ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কৌশল নিয়েও কথা বলেন উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি কৌশল স্পষ্ট— সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সংলাপের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করা এবং একই সঙ্গে আমাদের প্রস্তুতি, মোতায়েন ও অবকাঠামোকে কার্যকর ও বিশ্বাসযোগ্য অবস্থায় রাখা।’

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে চীনের অবকাঠামো উন্নয়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় এই সেনাপ্রধান।

তিনি বলেন, ‘পাকিস্তানের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি ভারতের দীর্ঘদিনের স্পষ্ট অবস্থান। সামরিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রধান উদ্বেগ হলো, পাকিস্তানের ‘অবৈধ দখলে’ থাকা অঞ্চলগুলো সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলা, প্রশিক্ষণ দেয়া এবং জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশে ব্যবহৃত হচ্ছে। এটি এখনও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ এবং আমাদের সামরিক পরিকল্পনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।’

তিনি আরও বলেন, এ অঞ্চলে বিদেশি সামরিক ও অবকাঠামোগত তৎপরতার কৌশলগত গুরুত্ব সম্পর্কেও ভারত সচেতন। এসব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় সেনাবাহিনী এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সে অনুযায়ী সেনা মোতায়েন, নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সামরিক প্রস্তুতি বজায় রাখা হয়েছে।

উগান্ডার শীর্ষ গণমাধ্যমগুলো বন্ধ করে দিয়েছেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
উগান্ডার শীর্ষ গণমাধ্যমগুলো বন্ধ করে দিয়েছেন সেনাপ্রধান
ছবি : এপি

উগান্ডার শীর্ষস্থানীয় স্বাধীন গণমাধ্যম বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। ২৮ জুন (রবিবার) সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি। এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, যে  ‘মুক্ত গণমাধ্যম’ বিশ্বাস করেন না।

মুহুজি কাইনেরুগাবা উগান্ডার দীর্ঘমেয়াদি প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে। মুহুজি কাইনেরুগাবা বলেছেন, উগান্ডার দুটি প্রধান গণমাধ্যমকে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। 

এক্সে দেওয়া বিবৃতিতে তিনি ডেইলি মনিটর পত্রিকা এবং এনটিভি সম্প্রচার কেন্দ্র বন্ধের ঘোষণা দেন এবং জোর দিয়ে বলেন, এটি রাষ্ট্রপতির কার্যালয় থেকে তাঁকে অর্পিত ক্ষমতার আওতাধীন।

কেনিয়াভিত্তিক নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন উগান্ডার অন্যতম বৃহৎ স্বাধীন দৈনিক পত্রিকা ডেইলি মনিটর এবং প্রধান বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি উগান্ডা। 

এ ছাড়া একই গ্রুপের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান যেমন ডেম্বে এফএম, স্পার্ক টিভি, কেএফএম এবং দ্য ইস্ট আফ্রিকানের সম্প্রচার ও প্রকাশনাও বন্ধ রয়েছে।

বিবৃতিতে তিনি আরো জানিয়েছেন, উগান্ডায় আমার ইচ্ছামতো যেকোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমার আছে। ২০১৭ সাল থেকে এই ক্ষমতা আমার কাছে রয়েছে। এই ক্ষমতা আমাকে দিয়েছেন আমার মহান বাবা প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।

এটা ‘কেবল শুরু’ এবং ‘আরো অনেককে গ্রেপ্তার করার’ হুমকি দেন এই সেনাপ্রধান।

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন

অনলাইন ডেস্ক
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি : সংগৃহীত

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে পরিচালিত হয় না এবং এতে বাইরের কোনো দেশের প্রভাব থাকাও উচিত নয়। একই সঙ্গে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছে চীন। খবর এনডিটিভি

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) ভারতের উদ্বেগ নিয়ে প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে পরিচালিত হয় না এবং এটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত হওয়া উচিত।’

ভারতীয় গণমাধ্যমের দাবি, তিস্তা অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় ঢাকা-বেইজিংয়ের এই যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে। চীন বলেছে, তিস্তা প্রকল্পটি বাংলাদেশের মানুষের জীবনমানের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

Tista

গুও জিয়াকুন বলেন, ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনকল্যাণমূলক প্রকল্প। এ প্রকল্পে চীন সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের আরো সমন্বয় এবং বাণিজ্য, পানি ব্যবস্থাপনা, জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় বাড়াতে প্রস্তুত রয়েছে চীন।’

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘এ প্রকল্পের বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন।’ তিনি বলেন, ‘এ বিষয়ে দুই দেশ একমত হয়েছে, যা আগে হয়নি। চীন জানিয়েছে, সম্ভাব্যতা সমীক্ষায় প্রকল্পটি যৌক্তিক প্রমাণিত হলে তারা সর্বোচ্চ সহযোগিতা দেবে।’

মূলত তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একটি সমঝোতায় পৌঁছেছে। তবে তিস্তা প্রকল্প-সংক্রান্ত যেকোনো ঘোষণার দিকে ভারত নিবিড়ভাবে নজর রাখবে।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ারচায়না সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানোর চুক্তি সই করে। এর ফলে তিস্তা প্রকল্পের কাজ আরো এগিয়ে যায়।

ভারতের উদ্বেগের অন্যতম কারণ হলো, তিস্তা নদী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের খুব কাছাকাছি। এই করিডরটি ‘চিকেনস নেক’ নামেও পরিচিত।

ভারতের আশঙ্কা, চীনের উপস্থিতিসহ বাইরের কোনো দেশের প্রভাব এ অঞ্চলে বাড়লে তা তাদের নিরাপত্তা উদ্বেগ আরো বাড়াতে পারে। একই সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী এ গুরুত্বপূর্ণ করিডরের জন্য নতুন কৌশলগত ঝুঁকিও তৈরি হতে পারে।

জার্মানির স্টাড শহরে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক
জার্মানির স্টাড শহরে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৫

জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। ইতোমধ্যে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্স

লুনেবুর্গ পুলিশ সদর দপ্তরে এক্স’য়ে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০হাজার জনবসতির শহর স্টেডের একটি যুব কেন্দ্রের কাছে ঘটেছে।

হামলার পেছনে কী কারণ বা উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

ঘটনার পরপরই সেখানে ব্যাপক সংখ্যক জরুরি সেবা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।