• ই-পেপার

দরজা বন্ধ করা নিয়ে বিতর্ক, চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ভারত থেকে আবারও আসছে ট্রেনের বগি

অনলাইন ডেস্ক
ভারত থেকে আবারও আসছে ট্রেনের বগি
সংগৃহীত ছবি

ভারত থেকে আবারও রেল কোচ (বগি) আমদানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুলাই মাসে প্রায় ২০টি রেল কোচের একটি চালান রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পর বাংলাদেশে এটি হবে ভারতের প্রথম রেল কোচ রপ্তানি।

এর আগেও বাংলাদেশকে ১২০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রড-গেজ লোকোমোটিভ এবং ১০টি মিটার-গেজ লোকোমোটিভ সরবরাহ করেছে নয়াদিল্লি।

ভারতীয় রেলওয়ের রপ্তানি সংস্থা (আরআইটিইএস) বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি চুক্তি বাস্তবায়ন করছে। এগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ৯১৫ কোটি রুপির এই প্রকল্পটি ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রদান করা হয়। ওই প্রকল্পের আওতায় ঢাকাকে নতুন চালান সরবরাহ করবে নয়াদিল্লি।

প্রকল্পসংশ্লিষ্ট ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নতুন চুক্তির আওতায় প্রথম রেকটি জুলাই মাসে প্রস্তুত হবে। কোচগুলো হস্তান্তরের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’

চুক্তি অনুযায়ী, শুধু কোচ সরবরাহই নয়, আরআইটিইএস নকশা সহায়তা, যন্ত্রাংশ সরবরাহ এবং প্রশিক্ষণও দেবে। পুরো প্রকল্পে ৩৬ মাসের সরবরাহ ও কমিশনিং সময়সীমা রয়েছে, এরপর ২৪ মাসের ওয়ারেন্টি অন্তর্ভুক্ত থাকবে।

আরআইটিইএসের ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল বলেন, ‘নতুন অর্থবছরে বাংলাদেশে রেল কোচের সরবরাহ শুরু হলে আমাদের রাজস্ব আরো বাড়বে।’

এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রকল্পে কিছু বিলম্ব হয়েছে, তবে এখন তা আবার স্বাভাবিক পথে ফিরে এসেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

অনলাইন ডেস্ক
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পরিচালিত মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, ১৯ জুন সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের বাহিনী একটি নির্ভুল বিমান হামলা চালায়। এতে আইএসের জ্যেষ্ঠ নেতা আলি হুসাইন আল-উলাইউই নিহত হন।

যুক্তরাষ্ট্রের চলমান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালায় সেন্টকম। তারা বলছে, চলমান এই অভিযানের লক্ষ্য হলো এমন সন্ত্রাসী নেতাদের খুঁজে বের করে নির্মূল করা, যারা বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে।

বিবৃতিতে বলা হয়, এই নির্ভুল হামলায় আলি হুসাইন আল-উলাইউই নিহত হয়েছে। বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে চাওয়া সন্ত্রাসীদের কার্যক্রম ব্যাহত ও নির্মূল করার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

সেন্টকম আরো জানায়, তারা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে আইএস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

ভারত

নির্মীয়মাণ ভবনের ছাদধসে নিহত ৩

অনলাইন ডেস্ক
নির্মীয়মাণ ভবনের ছাদধসে নিহত ৩
সংগৃহীত ছবি

ভারতের কলকাতার তারাতলা এলাকায় নির্মীয়মাণ একটি ভবনের ছাদধসে অন্তত তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরের এ দুর্ঘটনায় অন্তত আরো ৪০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনতলা বিশিষ্ট নির্মীয়মাণ ভবনটির ছাদ হঠাৎ ধসে পড়ে। এ সময় সেখানে নির্মাণকাজ চলছিল এবং বহু শ্রমিক কাজ করছিলেন।

দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা যৌথ উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ছয় থেকে সাতজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ভবন নির্মাণে কোনো ত্রুটি বা নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ তদারকিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক রাখা হয়েছে।

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

অনলাইন ডেস্ক
খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
সংগৃহীত ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

আগামী জুলাই মাসে তেহরান ও মাশহাদে অনুষ্ঠিতব্য বহু-শহরভিত্তিক এই শোকানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে। দূতাবাসটি দুই দিন আগে আমন্ত্রণপত্রটি গ্রহণ করে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে এই শোকানুষ্ঠান শুরু হবে এবং তা চলবে ৬ জুলাই পর্যন্ত এবং ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফনের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে।

প্রসঙ্গত, ৮৬ বছর বয়সী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় তার দাফন অনুষ্ঠান মার্চ থেকে পিছিয়ে জুলাইয়ে নির্ধারণ করা হয়।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পক্ষ থেকে চীন, রাশিয়া, কাতার, ফ্রান্স, পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে একটি পাকিস্তানি প্রতিনিধিদল অংশ নেবে।