প্যারিসকে অনেকে প্রেমের শহর বলেন। কেউ বলেন আলোর শহর। কিন্তু শহরটির আরেকটি পরিচয় আছে, যা চোখে পড়ে না। সেটি হলো মানুষের শহর। নানা ভাষা, নানা বর্ণ, নানা ভূখণ্ড থেকে আসা মানুষের দীর্ঘ পদচারণায় গড়ে ওঠা এক বিশাল মানবকাব্য।
সেই কাব্যের পাতাগুলো ছুঁয়ে দেখা যায় প্যারিসের জাতীয় অভিবাসন ইতিহাস জাদুঘরে। ফরাসি নাম ‘মুজে নাসিওনাল দ্য লিস্তোয়ার দ্য লিমিগ্রাসিওঁ’। ২০০৭ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া এই প্রতিষ্ঠান আজ ফ্রান্সের অভিবাসনের ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ ঠিকানা হয়ে উঠেছে।
একজন অভিবাসীর পুরনো স্যুটকেস কখনো কখনো একটি মহাদেশের সমান ভার বহন করে। তার ভেতরে থাকে কিছু কাপড়, কিছু ছবি, হয়তো একটি চিঠিও। অথচ অদৃশ্যভাবে এই সব জিনিসপত্রের ভেতর গুছিয়ে রাখা থাকে বিচ্ছেদের কান্না, বহু অনিশ্চয়তার রাত এবং নতুন জীবনের স্বপ্ন। প্যারিসের ১২তম আরঁদিসমঁ এলাকায় ঐতিহাসিক ‘পালে দ্য লা পোর্ত দোরে’ ভবনে অবস্থিত এই জাদুঘরে ঢুকতেই এমন অনুভূতি ঘিরে ধরে দর্শনার্থীদের।
ভবনটি যেন ইতিহাসের এক নীরব নদী। তার দেয়ালে দেয়ালে জমে আছে শত বছরের পদধ্বনি। এখানে কোনো রাজা নেই, কোনো সেনাপতির বিজয়গাথা নেই। আছে কেবল সাধারণ মানুষের গল্প—যারা নিজের জন্মভূমি পেছনে ফেলে অচেনা আকাশের নিচে নতুন ঠিকানা খুঁজতে বের হয়েছিল।
জাদুঘরের ভেতরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন একটি বিশাল ট্রেনের কামরায় বসে আছি। সেই ট্রেন হলো সময়ের। এক স্টেশনে নামছেন ইতালির শ্রমিক, আরেক স্টেশনে উঠছেন আলজেরিয়ার তরুণ। কোথাও মরক্কোর এক পরিবারের ছবি, কোথাও পর্তুগালের এক নির্মাণশ্রমিকের ব্যবহৃত হাতুড়ি। এই সব বস্তু নীরবে জাদুঘরে পড়ে আছে। অথচ তাদের সেই নীরবতাই সবচেয়ে উচ্চকণ্ঠ ভাষা।
এখানে সংরক্ষিত রয়েছে ব্যক্তিগত স্মৃতিচিহ্ন, যেমন পুরোনো পাসপোর্ট, চিঠিপত্র, আলোকচিত্র এবং বিভিন্ন শিল্পকর্ম। রয়েছে ভিডিও সাক্ষাৎকার ও নানা ঐতিহাসিক দলিল। প্রতিটি প্রদর্শনী যেন একটি খোলা জানালা, যার ওপারে দেখা যায় দেশান্তরের বেদনা, সংগ্রাম এবং সাফল্যের গল্প।
প্রদর্শনীর একাংশ ঘুরে দেখলে ফ্রান্সের উপনিবেশিক অতীতের কিছু কঠিন বাস্তবতাও চোখ এড়ায় না। আফ্রিকা ও এশিয়ার বহু মানুষের জীবনে উপনিবেশবাদের গভীর ক্ষতের চিহ্ন এখানে স্পষ্ট হয়ে ওঠে। কোথাও ছিল তাদের শ্রমের শোষণ, কোথাও ফরাসি সাংস্কৃতিক আধিপত্য, কোথাও যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার দীর্ঘ ছায়া।
ফ্রান্সের বুকে অবস্থিত হলেও জাদুঘরটি সেই নির্মম ইতিহাসকে মোটেই আড়াল করে না। বরং নীরবে ঔপনিবেশিকতার কান্না দর্শনার্থীর সামনে তুলে ধরে। ফলে জাদুঘরটি ভ্রমণ করলে যে কেউ উপলব্ধি করতে পারবেন, আধুনিক ইউরোপের সমৃদ্ধির পেছনে রয়েছে কত মানুষের অদৃশ্য ত্যাগ, শ্রম ও বেদনার ইতিহাস।
অভিবাসনের ইতিহাস আসলে এক অদ্ভুত প্যারাডক্স। মানুষ ঘর ছেড়ে বের হয় একটি ঘরের খোঁজে। মায়ের আঁচল কিংবা পরিচিত মেঠোপথকে বিদায় জানায় নতুন পরিচয়ের আশায়। হারানোর ভেতর দিয়েই খুঁজে পায় পাওয়ার অর্থ। এই জাদুঘর সেই বৈপরীত্যেরই জীবন্ত দলিল।
এই প্রদর্শনীগুলোর সামনে দাড়িয়ে আমার নিজের জীবনের একটি অধ্যায়ও বারবার ফিরে এসেছিল। ফ্রান্সে শরণার্থী শিক্ষার্থী হিসেবে যখন আমি সরবোন বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা শিক্ষা কোর্সে অধ্যয়ন করছিলাম, তখন একদিন আমাদের শিক্ষকেরা পুরো ক্লাসকে নিয়ে এসেছিলেন মুজে নাসিওনাল দ্য লিস্তোয়ার দ্য লিমিগ্রাসিওঁ জাদুঘরে। নানা দেশের শিক্ষার্থীদের সঙ্গে আমিও সেদিন ইতিহাসের সেই দীর্ঘ করিডর ধরে হেঁটেছিলাম।
প্রদর্শনী দেখা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে জাদুঘরের ভেতরেই একটি প্রেজেন্টেশন দিতে হয়েছিল।
আমার প্রেজেন্টেশনের বিষয় ছিল শরণার্থীদের সংগ্রাম। সহপাঠী ও শিক্ষকদের সামনে দাড়িয়ে কথা বলতে গিয়ে হঠাৎ মনে হয়েছিল, আমি যেন কোনো গবেষণার বিষয় নিয়ে আলোচনা করছি না; বরং নিজের জীবনেরই একটি অধ্যায় বর্ণনা করছি। দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো কিংবা দেশান্তরের গল্পগুলো তখন আর শুধু জাদুঘরের প্রদর্শনী ছিল না। সেগুলো যেন হয়ে উঠেছিল আমার নিজের স্মৃতির আয়নায় ভেসে ওঠা দৃশ্য।
সেই মুহূর্তে বুঝতে পেরেছিলাম, অভিবাসনের ইতিহাস কখনও কেবল ইতিহাস নয়। এটি মানুষের হৃদয়ে বহন করে চলা এক দীর্ঘ ভ্রমণকাহিনি, যার কিছু পৃষ্ঠা আমার জীবনেও লেখা হয়ে গেছে।
ফ্রান্সের জাতীয় ইতিহাসের সঙ্গে অভিবাসীদের ইতিহাসকে এখানে আলাদা করে দেখা হয়নি। বরং দেখানো হয়েছে একই বৃক্ষের দুটি শাখা হিসেবে। কারণ আধুনিক ফ্রান্স কোনো একক জাতির নির্মাণ নয়। এটি বহু নদীর মিলনে গড়ে ওঠা এক মোহনা। আফ্রিকার উষ্ণ মাটি, ইউরোপের পাহাড়ি জনপদ, এশিয়ার জনাকীর্ণ নগর, ভূমধ্যসাগরের উপকূল এবং নানা ভূগোল থেকে আসা মানুষের শ্রম ও স্বপ্ন মিশে তৈরি হয়েছে আজকের ফ্রান্স।
বাংলাদেশি দর্শনার্থীদের জন্যও এই জাদুঘরের আবেদন আলাদা। প্রদর্শনীর অনেক গল্প যেন পরিচিত লাগে। দেশ ছেড়ে বিদেশে আসার অভিজ্ঞতা পৃথিবীর নানা মানুষের হলেও অনুভূতির রং প্রায় একই। বিমানবন্দরের বিদায়ের মুহূর্তে মায়ের ভারী হয়ে আসা কণ্ঠস্বর, নতুন শহরে প্রথম রাতের নিঃসঙ্গতা—সবকিছু যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা।
জাদুঘরটি শুধু প্রদর্শনীর স্থান নয়; এটি গবেষণা ও শিক্ষারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় সেমিনার, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী এবং নানা সাংস্কৃতিক আয়োজন। গবেষকদের জন্য রয়েছে সমৃদ্ধ আর্কাইভ। ফলে অভিবাসন নিয়ে আগ্রহী যে কারও জন্য এটি এক মূল্যবান জ্ঞানভাণ্ডার।
জাদুঘরটি ঘুরে বের হওয়ার পর মনে হয়, এটি কেবল অভিবাসনের ইতিহাস নয়; এটি মানুষের ইতিহাস। সীমান্তের ওপারে চলে যাওয়া মানুষের সাহসের ইতিহাস। নতুন জীবনের দিকে হাঁটা মানুষের ইতিহাস। এখানে প্রতিটি স্যুটকেস যেন একটি অসমাপ্ত উপন্যাস, প্রতিটি ছবি যেন এক টুকরো নির্বাসিত আকাশ, প্রতিটি স্মৃতিচিহ্ন যেন ঘরে ফেরার অপেক্ষায় থাকা কোনো দীর্ঘশ্বাস।
প্রেমের শহর কিংবা আলোর শহর—প্যারিসের এসব পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে আরেকটি গভীর পরিচয়। সেটি মানুষের শহর। আর সেই মানুষের গল্পই নিঃশব্দে বলে চলে জাতীয় অভিবাসন ইতিহাস জাদুঘর।
প্যারিসের এই অভিবাসন জাদুঘর শেষ পর্যন্ত দর্শনার্থীদের একটি কথাই মনে করিয়ে দেয়—মানুষ কোনো নির্দিষ্ট মানচিত্রের নাগরিক নয়; মানুষ মূলত তার স্বপ্নের নাগরিক। আর সেই স্বপ্নই তাকে বারবার সীমান্ত পেরোতে শেখায়, নতুন জীবন শুরু করতে শেখায়, ইতিহাসের অন্ধকার গলি পেরিয়ে আলোয় পৌঁছানোর সাহস জোগায়।