• ই-পেপার

মেসিকে বোঝার চেষ্টা বৃথা : থিয়েরি অঁরি

স্কালোনির নয়া কৌশলে কপাল খুলতে পারে তরুণ তারকাদের

ক্রীড়া ডেস্ক
স্কালোনির নয়া কৌশলে কপাল খুলতে পারে তরুণ তারকাদের

বিশ্বকাপে গ্রুপের দুই ম্যাচে জয়ে ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা দল। তাই জর্দানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে কৌশলে কিছুটা পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের শুরুর একাদশে দেখা না-ও যেতে পারে। এতে স্কোয়াডে থাকা দলের সাত খেলোয়াড়ের অভিষেক হতে পারে বিশ্বকাপে। যারা বিশ্বকাপে আগে এক ম্যাচও খেলেননি।

টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ডান হাতের আঙুলের চোটের কারণে এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দিলে বদলি হিসেবে হুয়ান মুসো বা হেরেনিমো রুলি যেকোনো একজনের বিশ্বকাপে অভিষেক হতে পারে। 

রক্ষণভাগের ক্ষেত্রে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর চোট পেয়ে মাঠ ছাড়ায় জর্দানের বিপক্ষে ক্রিস্টিয়ান রোমেরো খেলতে পারবেন না। এতে রাইট-ব্যাক হিসেবে নিকোলাস ওটামেন্ডি, লেফটেও আসতে পারে পরিবর্তন। সে ক্ষেত্রে লিওনার্দো বালের্দির জায়গায় আসা মার্কোস সেনেসিকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

এদিকে মাঝমাঠে দুটি পরিবর্তন আসতে পারে।  লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে সুযোগ পেতে পারে অভিজ্ঞ জিওভানি লো সেলসো, তরুণ প্রতিভাবনা ভালেন্তিন বার্কো।

উইংয়ে জুলিয়ানো সিমিওনে এবং হোসে মানুয়েল লোপেজ শুরু করতে পারেন। তবে জর্দানের বিপক্ষে হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে থাকলে সিমিওনেকে সাইড বেঞ্চেই কাটাতে হতে পারে। সাব হিসেবে দ্বিতীয়ার্ধে সুযোগ পেতে পারে তিনি।

তবে তা নির্ভর করছে একান্ত মেসির ওপর। তাকে বিশ্রাম দেওয়া হবে না নাকি বেঞ্চে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন—তা এখনও নিশ্চিত নয়।

দলটিতে নিজেদের অবস্থানের কারণে দিবু এবং ‘পুলগা’ (মেসি) উভয়েই বিশেষ বিবেচনার দাবিদার। তবে তাঁদের উপস্থিতি ব্যতিক্রমীই হবে। কারণ স্কালোনি একাদশে বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনা করছেন। যেখানে প্রথমবারের মতো বিশ্বকাপে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন নিকো পাজ, ভ্যালেন্টাইন বার্কো ও জুলিয়ানো সিমিওনেরা। 

ইতিমধ্যে ফাকুন্দো মেদিনা, নিকো গঞ্জালেজ এবং নিকোলাস পাজের অভিষেক হয়ে গেছে বিশ্বকাপে। আগামী ২৮ জুন জর্দানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

ট্রাম্পের চোখে সকারই আসল ফুটবল

ক্রীড়া ডেস্ক
ট্রাম্পের চোখে সকারই আসল ফুটবল
ফুটবল হাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

৪৮ দেশ নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। যার মূল আয়োজক যুক্তরাষ্ট্র। 

কিন্তু মার্কিন মুলুকে সকার বনাম ফুটবল বিতর্কটা এখনো রয়ে গেছে। বিশ্বের অধিকাংশ দেশে খেলাটিকে ফুটবল বলা হলেও যুক্তরাষ্ট্রে বলা হয় সকার।

দেশটির মানুষের কাছে ফুটবল মানে আমেরিকান ফুটবল। আর এই খেলার সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল)। অথচ নামে আমেরিকান ফুটবল হলেও এটি মূলত হাত দিয়ে খেলা হয়; পায়ের ব্যবহার করা হয় কম। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এই বিতর্ককে নতুন করে সামনে আনলেন। তিনি এনএফএলের নাম বদলে ফেলে সকারকে সত্যিকারের ফুটবল হিসেবে তার দেশে পরিচয় করিয়ে দিতে চান। 

ফিফা বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এনএফএলের জন্য আমাদের অন্য একটি নাম খুঁজে বের করতে হবে। যুক্তরাষ্ট্রে আমরা যেটিকে সকার বলি, বাস্তবে এর নাম ফুটবল। এটিই আসল ফুটবল। একে সকার নামে ডাকার কোনো মানেই হয় না।’ 

ট্রাম্প আরো বলেন, ‘আমেরিকান ফুটবল নামটি অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে। যে খেলায় খেলোয়াড়রা বেশিরভাগ সময় হাতে বল বহন করেন, সেটিকে ফুটবল বলা যৌক্তিক নয়।’

যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। যদিও এনএফএল বা আমেরিকান ফুটবলের নাম পরিবর্তনে এখনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে আগামীকাল সকালে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে মার্কিনরা। 

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেক্সিকোর তারকা গোলরক্ষক গিয়ের্মো ‘মেমো’ ওচোয়া। গড়লেন ছটি বিশ্বকাপে খেলার অনন্য ইতিহাস।

খেলা শুরুর আগেই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছিলেন এই তারকা। আসর শেষ হলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়। তবে বিদায়ের ঘোষণায় গড়লেন ইতিহাস। চেকিয়াদের বিপক্ষে ম্যাচে নেমে মেক্সিকোর জার্সিতে নতুন রেকর্ড গড়লেন ওচোয়া। ৪০ বছর ৩৪৬ দিন বয়সে দেশের হয়ে মাঠে নেমে হয়ে গেলেন মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ফুটবলারের সম্মান। 

ম্যাচের ৭৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ওচোয়া। তাতেই গড়েন ইতিহাস, ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে ৩৯ বছর ১৩৯ দিন বয়সে মাঠে নেমে রাফা মার্কেসের রেকর্ড ভেঙে দেন তিনি। সঙ্গে আরো একটি বিশেষ কৃতিত্ব যোগ হয়। আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে মাঠে নামার নজির গড়েন এই অভিজ্ঞ গোলরক্ষক। ২০০৬ ও ২০১০ সালে বদলি গোলরক্ষক ছিলেন। ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালে প্রথম একাদশে খেলেছেন। এবারও সুযোগ এল লুইস আঞ্জেল মালাগনের চোটের কারণে। তার জায়গায় প্রথম গোলরক্ষক হন রাউল র‌্যাঙ্গেল, আর শেষ ম্যাচে ওচোয়াকে নামিয়ে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নেয় কোচিং স্টাফ।

তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় চেকিয়াদের। আর ওচোয়া? ১৩ নম্বর জার্সি গায়ে শেষ ১৩ মিনিট খেলে শেষ করলে দীর্ঘ ক্যারিয়ার। সংখ্যার এই কাকতালীয় মিল পরিকল্পিত নয়। কিন্তু মেক্সিকোর ফুটবল ইতিহাসে তাঁর নাম যে অনেক দিন অমলিন থাকবে, তা নিয়ে কোনো সংশয় নেই।

হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ

অনলাইন ডেস্ক
হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ
পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

একসময় পাকিস্তান ক্রিকেট দল দোর্দন্ড প্রতাপে শাসন করেছে বিশ্ব। ইমরান খানের মত নেতা; জাভেদ মিয়াঁদাদ, সাঈদ আনোয়ার, ইনজামামের মত ব্যাটসম্যান; শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসের মত দুরন্ত ফাস্ট বোলার আতঙ্ক ছিল প্রতিপক্ষের। পাকিস্তান ক্রিকেটের সেই সূর্য এখন অস্তগামী। অনেক দিন বলার মত কোনো সাফল্য নেই তাদের। পুরুষ ক্রিকেট দলের ব্যর্থতার ছায়া পড়েছে নারী ক্রিকেট দলেও। সাফল্য নয়, বিতর্কই যেন এখন তাদের নিত্যসঙ্গী।

ইংল্যান্ডে নারী টি-২০ বিশ্বকাপে এখনও কোনো জয়ের দেখা পায়নি দলটি। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সফরেও খরা ছিল জয়ের। ব্যর্থতার হাত ধরেই এসেছে বিতর্ক আর অন্তর্কোন্দল। দলের সিনিয়র সদস্য আলিয়া রিয়াজ হোটেল রুমে তার স্বামীকে নিয়ে আসলে অধিনায়ক ফাতিমা সানা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অধিনায়ক দল নির্বাচন নিয়ে বিতর্কে জড়িয়েছেন কোচ ও দলের মেন্টর ওয়াহাব রিয়াজের সাথেও।

গত শনিবার বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সিনিয়র সদস্য আলিয়া রিয়াজের রুমে তার স্বামী আলী ইউনুসকে দেখে ক্ষোভে ফেটে পড়েন অধিনায়ক ফাতিমা সানা। তিনি আলীকে রুম ছেড়ে যেতে বলেন। আলিয়াও কম যান না। অধিনায়কের ক্ষোভকে পাত্তা না দিয়ে আলিয়া ম্যাচের আগের দিন নির্ধারিত প্র্যাকটিস ফেলে স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়ে যান। আলিয়ার আচরণ ফাতিমাকে আরো ক্ষুব্ধ করে। তিনি বাংলাদেশের ম্যাচে আলিয়াকে দলে রাখতে চাননি।

কিন্তু ফাতিমার পরামর্শ উপেক্ষা করে কোচ আলিয়াকে রেখেই একাদশ চূড়ান্ত করেন। ম্যাচে বাংলাদেশের কাছে ২৩ রানে হারে পাকিস্তান, আলিয়া ম্যাচে কোনো রানই করতে পারেননি। পরাজয়ের পর রাগে ফেটে পড়েন অধিনায়ক ফাতিমা। তিনি সবার সামনে এ পরাজয়ের জন্য কোচকে দায়ী করেন। তার অভিযোগ কোচ দলের শৃঙ্খলা প্রটোকল ভঙ্গ করেছেন। এ নিয়ে দলে ক্রিকেটারদের মধ্যে এবং কোচের সঙ্গে ক্রিকেটারদের বহুমুখী দ্বন্দ্ব এখন অনেকটাই প্রকাশ্যে। অবশ্য কোচ নাকি ব্যর্থতার দায় চাপিয়েছেন ক্রিকেটারদের ঘাড়ে। তারা কোচের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে পারেন না বলেই নাকি সাফল্যের দেখা মিলছে না।

পিসিবি অবশ্য এ অন্দর্কোন্দলের কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। গত ৩/৪ বছরে বারবার কোচ বদল করেও সাফল্যের দেখা পায়নি পাকিস্তান নারী ক্রিকেট দল।