• ই-পেপার

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

অনলাইন ডেস্ক
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

বাংলাদেশ পুতুলনাচ বা পাপেট শিল্পের পুরোধা, বরেণ্য চিত্রশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী কবরস্থানে তার শ্বশুর তোফায়েল উদ্দিন আহমেদের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বরেণ্য এই শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হয়।

সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান মুস্তাফা মনোয়ার। দীর্ঘদিন নিউমোনিয়া ও ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তাকে নিয়ে স্মৃতিচারণা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে আইসিএমপিডি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে আইসিএমপিডি প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও আইসিএমপিডির ডেপুটি ডিরেক্টর জেনারেল সেদেফ ডিয়ারিং। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্টের (আইসিএমপিডি) ডেপুটি ডিরেক্টর জেনারেল ও ডিরেক্টর অব মাইগ্রেশন ডায়ালগস অ্যান্ড কো-অপারেশন সেদেফ ডিয়ারিং।

আজ মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করা, নারী শ্রমিকের অংশগ্রহণ বৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, অভিবাসন ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ, শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, নতুন শ্রমবাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি, শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতি এবং শ্রমিকদের বৈধ ও সুশৃঙ্খল চলাচল বৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া অভিবাসন খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং বাস্তবমুখী একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে আইসিএমপিডির চিফ অব স্টাফ রোমেড পারফলার উপস্থিত ছিলেন।

অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

অনলাইন ডেস্ক
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন এ আইনের মাধ্যমে ১৮৬৭ সালের প্রায় দেড়শ বছরের পুরনো ‘The Public Gambling Act, 1867’ রহিতকরণ করা হয়েছে। আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, বেটিং (বাজি বা পণ), বাজিকর (Bookmaker), ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট, মিরর সাইট, ভিপিএনসহ মোট ২৪ ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নতুন আইনে অপরাধের ধরন অনুযায়ী ১৪ ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। 

এর আগে গত ২৩ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির সুপারিশের পর মঙ্গলবার বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান ‘The Public Gambling Act, 1867’ দেড়শ বছরেরও বেশি পুরোনো আইন এবং বর্তমান সময়ের প্রযুক্তিনির্ভর জুয়ার ধরন মোকাবিলায় এটি আর যথেষ্ট নয়। সংবিধানের ১৮(২) অনুচ্ছেদে রাষ্ট্রকে জুয়া নিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ২০১৮ সালের জেলা প্রশাসক সম্মেলনে আইনটি যুগোপযোগী করে শাস্তির পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

তিনি বলেন, বর্তমানে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া, ভুয়া সিম, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি, ভিপিএন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংঘটিত জুয়া, অর্থপাচার ও প্রতারণা দেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। এসব অপরাধ প্রতিরোধ এবং রাষ্ট্রের নৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় আধুনিক ও সমন্বিত আইন প্রণয়ন প্রয়োজন হওয়ায় নতুন আইনটি আনা হয়েছে।

ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বুধবার (১ জুলাই) থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। পরিবর্তে, আবেদন জমা দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে সিস্টেম।

আইভ্যাক জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করছে।

প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আবেদনকারীদের আলাদাভাবে টাইম স্লট নির্বাচন করতে হবে না।

ভিসা আবেদন নির্বিঘ্নে ও সময়মতো জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণে উল্লেখিত নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে আইভ্যাক।