প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলল বাংলাদেশ। প্রথমবারের মতো আফ্রিকার দেশ নাইজেরিয়ায় রপ্তানি হলো প্যারেন্ট হ্যাচিং এগস (ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম)। দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোলট্রি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেডের মাধ্যমে ১০ হাজার ৪৪০টি হ্যাচিং ডিমের এই চালানটি পাঠানো হয়েছে। এর বাজারমূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার।
রবিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আনুষ্ঠানিকভাবে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে এবং সামগ্রিক উন্নয়নের গতি বাড়বে।
প্রধানমন্ত্রী প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তারই ধারাবাহিকতায় প্রাণিসম্পদ খাত আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করছে বলে উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, প্রথমবারের মতো হ্যাচিং এগস রপ্তানি সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণেও নতুন দিগন্তের সূচনা হলো।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা আন্তর্জাতিক মানের ও রপ্তানিমুখী পোলট্রি শিল্প গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি। এ ধরনের রপ্তানি উদ্যোগ দেশের পোলট্রি শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের আমলে এটিই দেশের প্রথম হ্যাচিং এগস রপ্তানির চালান। এই সফল উদ্যোগের ফলে ভবিষ্যতে আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের পোলট্রি পণ্য রপ্তানির পথ আরও সুগম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাখাওয়াত হোসেন, উপপরিচালক ডা. শারমিন সামাদ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের ইনচার্জ ডা. মোহাম্মদ ওমর ফারুক। এ ছাড়া কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জিশান হাসান ও কাজী জাহিন হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।






