ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চালক বজলু মৃধা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সোমবার সকাল পৌনে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোরাব মোল্লা (৭১) ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীকান্দা মহল্লার বাসিন্দা।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সকালে একটি কাভার্ড ভ্যান অটোভ্যানটিকে ধাক্কা দিলে তোরাব মোল্লা ও ভ্যানচালক বজলু মৃধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত বজলু মৃধাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান বলেন, তোরাব মোল্লার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোভ্যান ও কাভার্ড ভ্যান ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাভার্ড ভানের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





