ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে পারসা জানান, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে কাজ করতে গিয়ে যোগাযোগের ঘাটতি, পেশাদার আচরণের অভাব এবং পারিশ্রমিক পরিশোধে অনিয়মের মুখোমুখি হয়েছেন তিনি।
অভিনেত্রীর দাবি, সাত মাস ধরে তিনি নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। এরই মধ্যে কিছু অর্থ পরিশোধ করা হলেও এখনো সম্পূর্ণ পাওনা বুঝে পাননি।
তবে তার ভাষ্যে, নিজের বকেয়ার চেয়েও বেশি উদ্বেগের বিষয় হলো শুটিং ইউনিটের অনেক সদস্যও এখনো তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি।

এ বিষয়ে পারসা বলেন, ‘নিজের পাওনা না পেলেও হয়তো আমি মেনে নিতে পারি, কিন্তু যারা দিন এনে দিন খায়, প্রোডাকশন বয় কিংবা নতুন যারা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন, তাদের প্রাপ্য পারিশ্রমিক আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন এত মানুষের পারিশ্রমিক দীর্ঘদিন ধরে বকেয়া রাখা হয়েছে।
পোস্টে বিনোদন অঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে সতর্কবার্তাও দেন এই অভিনেত্রী। তার পরামর্শ, কোনো কাজে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পর্কে ভালোভাবে খোঁজ নেওয়া, চুক্তির শর্ত ও পারিশ্রমিকের বিষয়গুলো লিখিতভাবে নিশ্চিত করা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা জরুরি।
পোস্টের শেষাংশে পারসা ইভানা বলেন, ‘এমন একটি বিনোদন অঙ্গন দেখতে চাই, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারি সর্বোচ্চ গুরুত্ব পাবে।’
পাশাপাশি তিনি মন্তব্য করেন, অসততা, প্রতিশ্রুতি ভঙ্গ এবং অপেশাদার আচরণের কোনো স্থান এই অঙ্গনে থাকা উচিত নয়।




