দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মা হতে চলেছেন তিনি। কয়েক মাস ধরে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চললেও এতদিন এ বিষয়ে নীরব ছিলেন অভিনেত্রী। এবার নিজেই সেই খবর নিশ্চিত করলেন।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদযাপন অনুষ্ঠানে জীবনের নতুন অধ্যায়ের কথা জানান সামান্থা। এ সময় তিনি জানান, হাতে থাকা কাজ শেষ করেই কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন।
অভিনেত্রী বলেন, ‘মা ইন্তি বাঙ্গারাম ছবির পর আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। আমার বর্তমান অবস্থার কারণেই এই সিদ্ধান্ত। আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি। এটি বিদায় নয়। বিরতির পর নতুন কাজ নিয়ে আবারও দর্শকদের কাছে ফিরব।’
সামান্থার এই ঘোষণার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ভক্ত, সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়ে নতুন জীবনের জন্য শুভকামনা জানান।
গত কয়েক মাস ধরেই অভিনেত্রীকে ঘিরে গর্ভধারণের গুঞ্জন ছিল তুঙ্গে। বিভিন্ন অনুষ্ঠান ও জনসমক্ষে তাঁর উপস্থিতির ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করেছিলেন, তাঁর বেবি বাম্প দৃশ্যমান।
যদিও সে সময় এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সামান্থা। পরে পরিচালক বিভি নন্দিনী রেড্ডিও ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই অভিনেত্রীর জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এরপর থেকেই জল্পনা আরও জোরালো হয়।
অবশেষে নিজের মুখেই সুখবর জানিয়ে সব গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা। এটি হবে তাঁর ও স্বামী রাজ নিদিমোরুর প্রথম সন্তান।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন সামান্থা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও মনোযোগ দিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মা ইন্তি বাঙ্গারাম’ দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার মধ্যেই মা হওয়ার এই খবর অনুরাগীদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে নির্মাতা রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা। এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। রাজ নিদিমোরুরও এটি দ্বিতীয় বিয়ে।





