• ই-পেপার

বোনের জীবন বাঁচাতে সারারাত মন্দিরে কাটাতেন হৃতিক রোশন

স্বামী জেককে নিয়ে ট্রোলের জবাব দিলেন মিলি ববি ব্রাউন

অনলাইন ডেস্ক
স্বামী জেককে নিয়ে ট্রোলের জবাব দিলেন মিলি ববি ব্রাউন
সংগৃহীত ছবি

‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত ২২ বছর বয়সী বিশ্বখ্যাত ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন এখন একজন গর্বিত মা ও স্ত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বামী জেক বনজিওভিকে নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি। কাইলি কেলসির পডকাস্ট শো নট গনা লাই-তে হাজির হয়ে মিলি স্পষ্ট জানিয়েছেন, নিজের কাজ নিজে করা মানেই এই নয় যে তার স্বামী তার যত্ন নেন না।

২০২৪ সালের মে মাসে বিয়ে করার পর এই তারকা দম্পতি ২০২৫ সালের আগস্টে দত্তক নেওয়ার মাধ্যমে এক কন্যাসন্তানকে নিজেদের জীবনে স্বাগত জানান। তবে সন্তান আসার পর থেকেই জেক বনজিওভি তীব্র সমালোচনার মুখে পড়েন। কিছু ছবিতে দেখা যায়, মিলি একাই বাচ্চার কার সিট, স্ট্রলার ও ব্যাকপ্যাক বহন করছেন আর জেক পাশে খালি হাতে হাঁটছেন। এই ছবিগুলো ভাইরাল হতেই নেটদুনিয়ায় জেককে নিয়ে সমালোচনা শুরু হয় যে তিনি স্ত্রীর কোনো সাহায্য করছেন না।

পডকাস্টে এই ট্রোলের জবাব দিয়ে মিলি বলেন, ‘মেয়েরা কবে থেকে নিজেদের ব্যাগ বা বাচ্চার কার সিট ধরার ক্ষমতা হারিয়ে ফেলল? আমি নিজেই আমার সব স্যুটকেস, ব্যাগ আর বাচ্চাকে একসাথে সামলাতে পছন্দ করি। কারণ এই ভ্রমণের সব পরিকল্পনা আমি আগের রাত থেকেই করে রাখি এবং আমি জেকের চেয়ে তিন মাইল এগিয়ে থাকি।’

তিনি আরো বলেন, ‘আমরা একদিকে মেয়েদের ক্ষমতায়ন নিয়ে বড় বড় কথা বলি, মেয়েরা সব পারে, পুরুষের প্রয়োজন নেই ইত্যাদি স্লোগান দিই; আবার যখন আমি নিজেই নিজের জিনিসপত্র সামলাই, তখন লোকে প্রশ্ন তোলে—তোমার স্বামী কোথায়?’

স্বামী জেকের প্রশংসা করে মিলি বলেন, আমার স্বামীকে বাইরে থেকে কেউ চেনে না। সে অত্যন্ত ভদ্র ও মিষ্টি স্বভাবের একজন মানুষ, যে আমার জন্য সবকিছু করতে প্রস্তুত। তবে সে এটাও খুব ভালো করে জানে যে আমি নিজেই নিজের কাজ করতে পুরোপুরি সক্ষম। মিলির এই স্বাধীনচেতা বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক কাইলি কেলসি।

সূত্র : পিপল

দীপিকার শৃঙ্খলা দেখে শিখেছি : কঙ্গনা

অনলাইন ডেস্ক
দীপিকার শৃঙ্খলা দেখে শিখেছি : কঙ্গনা

কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ শনিবার (১৩ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবি মুক্তির আবহেই বিনোদন দুনিয়ায় নিজের শুরুর দিনগুলোর লড়াই এবং সমসাময়িক তারকা, বিশেষ করে দীপিকা পাডুকোনের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন কঙ্গনা। একই সঙ্গে বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে থাকা নেতিবাচকতা, ঈর্ষা ও নিরাপত্তাহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করেছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে নিজের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে কঙ্গনা ‘এন্টারটেইনমেন্ট লাইভ’-কে বলেন, ‘আমি যখন বাড়ি থেকে পালিয়ে মুম্বাই এসেছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ১৫-১৬ বছর। পাহাড়ি অঞ্চলের মেয়ে হওয়ায় আমি তখন ভালো করে অর্থপূর্ণ বাক্যও গুছিয়ে বলতে পারতাম না। আমি চারপাশের মানুষকে দেখেই সবকিছু শিখেছি।’ সমসাময়িকদের কাছ থেকে শেখার কথা উল্লেখ করে কঙ্গনা বলেন, ‘দীপিকা পাডুকোন এবং অন্যদের স্পোর্টস বা অ্যাথলেটিক ব্যাকগ্রাউন্ড ছিল, আর আমি এসেছিলাম বিজ্ঞান বিভাগ থেকে। ব্যায়াম, ফিটনেস ও কাজের প্রতি দীপিকাদের শৃঙ্খলা দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি এবং নিজেকে গড়ে তুলেছি।’

নতুনদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘আজকের তরুণ প্রজন্মের মধ্যে আমি প্রচুর নেতিবাচকতা, ঈর্ষা ও বিদ্বেষ দেখি। এই মানসিকতা অত্যন্ত বিষাক্ত। আমার চেয়ে কেউ কম প্রতিভাবান হলে আমি তাকে আগলে রাখি, আর বেশি প্রতিভাবান হলে তার কাছ থেকে শিখি। এখানে নিরাপত্তাহীনতার কোনো জায়গাই নেই।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা পাডুকোনের ‘৮ ঘণ্টা কর্মদিবস’-এর দাবিকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, ‘দীপিকা এখন একজন মা, তার একটি পরিবার আছে। একজন শীর্ষ অভিনেত্রী হিসেবে এই দাবি করার যোগ্যতা তিনি অর্জন করেছেন। আমরা নারীদের ওপর ক্যারিয়ার ও সন্তান সামলানোর দ্বিগুণ চাপ সৃষ্টি করছি, যা ঠিক নয়।’

সূত্র : এনডিটিভি

‘জঘন্য কাজে আমার গান ব্যবহার করবেন না’, ট্রাম্প প্রশাসনকে আরিয়ানা গ্রান্ডে

বিনোদন ডেস্ক
‘জঘন্য কাজে আমার গান ব্যবহার করবেন না’, ট্রাম্প প্রশাসনকে আরিয়ানা গ্রান্ডে
সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি প্রচারমূলক ভিডিওতে নিজের জনপ্রিয় গান ব্যবহার করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্বখ্যাত পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় অনুরোধ করেছেন, ভবিষ্যতে এমন কাজে যেন তাঁর কোনো গান ব্যবহার না করা হয়।

সম্প্রতি হোয়াইট হাউসের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে ফেডারেল কর্মকর্তাদের বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার এবং হাতকড়া পরানোর দৃশ্য দেখানো হয়। ওই ভিডিওর পটভূমিতে ব্যবহার করা হয় আরিয়ানা গ্রান্ডের জনপ্রিয় গান ‘বাই’।

ভিডিওটি প্রকাশের পরই বিষয়টি নজরে আসে গ্র্যামি বিজয়ী এই শিল্পীর। এরপর বৃহস্পতিবার (১১ জুন) হোয়াইট হাউসের ওই পোস্টের মন্তব্যের ঘরেই নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরিয়ানা লেখেন, ‘এই বর্বর, অমানবিক ও জঘন্য কাজের সঙ্গে আমার গান আর কখনো ব্যবহার করবেন না।’

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শিল্পীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ভিডিওটি থেকে তাঁর গান সরিয়ে নেওয়ার জন্য আরিয়ানার টিম দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

অন্যদিকে, আরিয়ানার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে হোয়াইট হাউসও। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেন, ‘নিরীহ নাগরিকদের ক্ষতিগ্রস্ত করা অপরাধীদের কর্মকাণ্ডই প্রকৃতপক্ষে অমানবিক ও জঘন্য।’

ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনায় আরিয়ানা গ্রান্ডে অবশ্য নতুন নন। এর আগেও তিনি সামাজিক মাধ্যমে বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেছেন। 

গত বছর এক পোস্টে ট্রাম্পকে ভোট দেওয়া ব্যক্তিদের উদ্দেশে তিনি জানতে চেয়েছিলেন, তাঁর পুনর্নির্বাচনের পর তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি নীতি ও প্রশাসনিক কর্মকাণ্ড প্রচারের জন্য জনপ্রিয় গান ব্যবহার করে ভিডিও প্রকাশের কৌশল ট্রাম্প প্রশাসন নিয়মিতই অনুসরণ করে। তবে এই ঘটনায় আরিয়ানা গ্রান্ডের প্রকাশ্য আপত্তি নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে।

৮৮ বছর বয়সে মারা গেলেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী ডেভিড হকনি

অনলাইন ডেস্ক
৮৮ বছর বয়সে মারা গেলেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী ডেভিড হকনি
ছবিঃ রয়টার্স

ব্রিটেনের কিংবদন্তি চিত্রশিল্পী ডেভিড হকনি মারা গেছেন। গত ১১ জুন ২০২৬ তারিখে নিজ বাসভবনে  তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। আর মাত্র এক মাস পরেই তিনি ৮৯তম জন্মদিনে পা দিতেন।

শুক্রবার (১২জুন) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন এ তথ্য দেয়।  

১৯৩৭ সালে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে জন্ম নেওয়া হকনি ২০শ ও ২১শ শতকের অন্যতম প্রভাবশালী সমকালীন শিল্পী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। ১৯৬০-এর দশকে পপ আর্ট আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার সুইমিং পুল, উজ্জ্বল রোদ ও আধুনিক জীবনযাত্রাকে কেন্দ্র করে আঁকা তাঁর চিত্রকর্মগুলো বৈশ্বিক শিল্পাঙ্গনে ব্যাপক সমাদৃত হয়। তাঁর বিখ্যাত কাজগুলোর মধ্যে অন্যতম হলো ‘আ বিগার স্প্ল্যাশ’ এবং ‘পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট (পুল উইথ টু ফিগারস)’।


ছয় দশকেরও বেশি সময়ের দীর্ঘ কর্মজীবনে হকনি নিজেকে শুধু প্রথাগত চিত্রকলায় সীমাবদ্ধ রাখেননি। ফটোকোলাজ, ডিজিটাল আর্ট, আইপ্যাডে আঁকা ছবি এবং থ্রিডি প্রযুক্তির ব্যবহারে তিনি শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। শিল্পের নতুন মাধ্যম ও প্রযুক্তি নিয়ে তাঁর এই নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা তাঁকে সমকালীন শিল্পের অন্যতম প্রধান উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত করে।

হকনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার । এক শোকবার্তায় তিনি বলেন:

‘হকনির উজ্জ্বল ও সহজেই চেনা যায় এমন অনন্য শিল্পকর্ম বহু প্রজন্মের শিল্পীকে অনুপ্রাণিত করেছে।’

লন্ডনের ‘টেট ব্রিটেন’ এর পরিচালক অ্যালেক্স ফারকুহারসন তাঁকে একজন ‘অসাধারণ সৃজনশীল ও দূরদৃষ্টিসম্পন্ন শিল্পী’ হিসেবে আখ্যায়িত করে বলেন:

‘ডেভিড হকনি আমাদের দেখিয়েছেন কীভাবে চারপাশের পৃথিবীকে সম্পূর্ণ নতুন চোখে দেখতে হয়।’

২০১৮ সালে হকনির ১৯৭২ সালের মাস্টারপিস ‘পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট (পুল উইথ টু ফিগারস)’ নিউইয়র্কের এক নিলামে ৯০.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। সে সময় জীবিত কোনো শিল্পীর শিল্পকর্ম বিক্রির ক্ষেত্রে এটি ছিল একটি বিশ্বরেকর্ড।

উল্লেখ্য,শিল্পবিশ্বের কাছে ডেভিড হকনি শুধু একজন চিত্রশিল্পী ছিলেন না, বরং তিনি ছিলেন আধুনিক শিল্পের ভাষা ও দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়া এক যুগান্তকারী স্রষ্টা। তাঁর রেখে যাওয়া কালজয়ী শিল্পকর্ম আগামী প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।