• ই-পেপার

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার ৪
সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৪০ লাখ জাল টাকাসহ চার জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র শাহবাগ থানা পুলিশ। শনিবার (২৭ জুন) রাতে শাহবাগ থানার মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)।

পুলিশ জানায়, শনিবার রাতে মোতালিব প্লাজার ৫ তলায় একটি দোকানে কতিপয় ব্যক্তিরা বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনগণের স্বার্থে ডিএনসিসির সব সেবা কার্যক্রম অব্যাহত থাকবে : প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
জনগণের স্বার্থে ডিএনসিসির সব সেবা কার্যক্রম অব্যাহত থাকবে : প্রশাসক
ছবি : কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণের স্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব সেবা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

রবিবার (২৮ জুন) বনানীর করাইল এরশাদ মাঠে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে মোট ১ হাজার ৯০৫টি স্থায়ী এবং ১০ হাজার ৮৯১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী তিন দিন এই কার্যক্রম চলবে।

তিনি বলেন, সারা দেশের জেলা, উপজেলা, শহর, পাড়া-মহল্লা ও গ্রামাঞ্চলের প্রতিটি শিশুর কাছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পৌঁছে দিতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনও তার আওতাধীন সব শিশুকে এই সেবা নিশ্চিত করতে কাজ করছে। এরপরও কোনো প্রয়োজন হলে নাগরিকদের ডিএনসিসির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

প্রশাসক আরও বলেন, ডিএনসিসি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে যেভাবে সফলতা অর্জন করেছে, একইভাবে অন্যান্য জনসেবামূলক কার্যক্রমও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সফলতা অর্জন করবে।

এ সময় বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বাগান, আঙিনা ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা

অনলাইন ডেস্ক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা
সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯৮৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (২৭ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির তথ্য মতে, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ১৬টি সিএনজি, ৪২টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১৫টি কাভার্ড ভ্যান, ৮০টি সিএনজি, ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ১২টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ১১টি সিএনজি, ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৪৪টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা রকা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৮১টি সিএনজি, ৩১২টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ড ভ্যান, ৬০টি সিএনজি, ১১২টি মোটরসাইকেলসহ মোট ২৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১৪৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

শ্যামপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক
শ্যামপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থী আহত
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে শাহারিয়ার সানজু (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর মামা আবু সাঈদ জানান, সানজু ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। দুপুরে স্কুল গেটে পৌঁছালে একই বিদ্যালয়ের শিক্ষার্থী জয়ের সঙ্গে তার সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে কথা- কাটাকাটি হয়। এক পর্যায়ে জয় ধারালো অস্ত্র দিয়ে সানজুর বাঁ পাশে আঘাত করে বলে অভিযোগ করেন তিনি। এতে সানজু গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সানজু মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ডাগরখালী গ্রামের মৃত মাহবুবের ছেলে। বর্তমানে সে মীরহাজীরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

এ ঘটনায় জয়ের সঙ্গে আরো দুই শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে।