রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ভাটি বাংলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাসের দুই যাত্রী আহত হন।
শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন এখন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হেলপার মোহাম্মদ রফিক (৩৫) ময়মনসিংহ সদরের নুর আলমের ছেলে। এ ঘটনায় আহত দুজন হলেন, মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)।
হতাহতদের হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল বলেন, সকাল ৬টার দিকে মহাখালীর আমতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই বাসের চালকের সহকারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ওই বাসের চালকের সহকারী মোহাম্মদ রফিকের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।






