রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দ্রুত চেষ্টায় ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি কর্মকর্তা শফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আগুনের উৎস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কার্গো এলাকার কিছু অংশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটকে কাজ করতে হয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আগুন নেভানোর কাজে অংশ নিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হন। ওই ঘটনায় কার্গো এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।




