• ই-পেপার

বাবুগঞ্জে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর!

ময়মনসিংহ প্রতিনিধি
পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর!
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। কলেজের এক পিয়নের প্রতারণার শিকার হয়ে পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন তারা।

বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা দিতে না পেরে ছাত্রীরা কলেজ গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন। তারা হলেন মনিমুক্তা আক্তার ও ইসমাত আরা বেগম।

এসময় ঘটনার বিষয়ে জানতে চাইলে মনি ও মুক্তা জানান, তারা দুজন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের নিয়মিত ছাত্রী। এইচএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় তারা দুজন দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। এই কারণে কলেজ কর্তৃপক্ষ তাদের ফরম পূরণের সুযোগ দেয়নি। পরবর্তীতে কলেজের পিয়ন মো. শাহজাহান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে তাদের ফরম পূরণ ও প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) জোগাড় করে দেওয়ার আশ্বাস দেন। তবে শর্ত দেন যে, এই বিষয়টি কলেজের অন্য কাউকে জানানো যাবে না। ফরম পূরণ ও প্রবেশপত্র এনে দেওয়ার বাবদ পিয়ন শাহজাহান দুই ছাত্রীর কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকা নেন। কিন্তু পরীক্ষার আগে অন্য সহপাঠীরা প্রবেশপত্র পেলেও মনিমুক্তা আক্তার ও ইসমাত আরার নামে কোনো প্রবেশপত্র আসেনি।

বিষয়টি জানতে পেরে দুই ছাত্রী পিয়ন শাহজাহানের পা ধরে আকুতি জানান। তখনও পিয়ন শাহজাহান তাদের আশ্বস্ত করে বলেন, তিন জন লোককে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠিছেন।

এসময় তিনি তাদের নিশ্চিত করে বলেন, ‘তোরা নিশ্চিত থাকতে পারিস, প্রবেশপত্র পেয়ে যাবি।’ এই আশ্বাসে দুই ছাত্রী বৃহস্পতিবার সকালে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেটে এসে প্রবেশপত্র পাওয়ার জন্য শাহজাহানের মোবাইল নম্বরে কল করেন। কিন্তু বারবার কল দিলেও তার কোনো সাড়া না পেয়ে দুই ছাত্রী কলেজ গেটেই কান্নায় ভেঙে পড়েন।

এদিকে, ঘটনার পর পিয়ন শাহজাহানকে কলেজে গিয়ে আর খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক বলেন, ‘শাহজাহান আমাদের কলেজের পিয়ন। কিন্তু সে তো পরীক্ষার্থীদের ফরম পূরণ করে দেওয়ার মতো কেউ নন। এই বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে উক্ত পিয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে ওই পিযনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিলেটে বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কাতর্কির জেরে চাচাতো ভাইকে খুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কাতর্কির জেরে চাচাতো ভাইকে খুন
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে তর্কাতর্কি থেকে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম উপজেলার লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই অভিযুক্ত পারভেজ আহমদকে (৩২) আটক করেছে।

জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার শেষ সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ ও আলমের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পারভেজ ঘর থেকে ছুরি এনে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পারভেজ আহমদকে আটক করে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’ এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘাতক যুবককে আটক করেছে জানিয়ে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লাশ  ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

বাগেরহাটে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার ১৫ পিস ইয়াবা, নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ ২৬ মামলার আসামি মাদক কারবারি মনির শেখসহ চার জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার এ তথ্য জানান।

জেলা গোয়েন্দা পুলিশের জানায়, জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত সাত দিনে মোট ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় মনির শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিমকে (২০) গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তার মনির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে এবং আরো একটি মামলা বিচারাধীন রয়েছে।’

দিনাজপুর শিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১

দিনাজপুর প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৯৩৭ জন পরীক্ষার্থী। যার গড় অনুপস্থিতির হার ২.১৩ শতাংশ। এ ছাড়া এদিন এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় ২১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এসব কেন্দ্রে এবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৯ হাজার ৯৮ জন পরীক্ষার্থী। সে হিসাব অনুযায়ী ১৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে রংপুরে ৩৮৯, গাইবান্ধায় ৩৩৪, নীলফামারীতে ২৩২, কুড়িগ্রামে ২০৪, লালমনিরহাটে ১৩৪, দিনাজপুরে ৩৬৬, ঠাকুরগাঁও ১৬০ এবং পঞ্চগড়ে ১২৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন সই করা এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।