হবিগঞ্জের চুনারুঘাটে পথ হারিয়ে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ভোলারজুম গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে সেটিকে কালেঙ্গা রেঞ্জের রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। চুনারুঘাট উপজেলার এ বনাঞ্চলে প্রাকৃতিকভাবে মায়া হরিণের বসবাস রয়েছে। ধারণা করা হচ্ছে, পথ হারিয়ে হরিণটি লোকালয়ে চলে আসে।
কালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন বলেন, ‘উদ্ধার করা হরিণটিকে রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরলে সেটিকে আবার বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, ‘লোকালয়ে আসা মায়া হরিণটি বন বিভাগের সদস্যরা উদ্ধার করেছেন। বর্তমানে সেটি রেসকিউ সেন্টারে রয়েছে।’





