• ই-পেপার

হাসপাতাল চালুর দাবি

সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের

নড়াইল

জেলার ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা

নড়াইল সংবাদদাতা
জেলার ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের নিরালী-দেবভোগ সড়ক। সম্প্রতি তোলা। -কালের কণ্ঠ

বর্ষাকালে ঘোরে না যানবাহনের চাকা। পাঁচ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটির অধিকাংশে এ সময় হাঁটুসমান কাদা। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে জীবন অর্ধেক শেষ। অবর্ণনীয় দুর্ভোগ থেকে রক্ষায় গ্রামবাসী ছুটেছে  সরকারি দপ্তরে, কিন্তু মেলেনি প্রতিকার। 

এমন অবস্থা নড়াইল সদর উপজেলার নিরালী-দেবভোগ সড়কের। সদর উপজেলার কলোড়া ইউনিয়নের নিরালী গ্রাম থেকে একই উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগে গেছে সড়কটি। নদীর কূলঘেঁষা দুই গ্রামের বাসিন্দাদের চলাচলের মাধ্যম এই সড়ক পাকা করার দাবি অনেক পুরনো। কিন্তু বছরের পর বছর প্রতিশ্রুতি পেলেও সে দাবি বাস্তবায়িত হয়নি। 

এদিকে, মুলিয়া ইউনিয়নের পানতিতা নদীর কূল হয়ে আখুদা দেবভোগ, এগারোখান সড়কটিও রয়ে গেছে কাঁচা। কয়েক শ মানুষের বসবাস এ গ্রাম দুটিতে। সড়ক কাঁচা হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় এ অঞ্চলের বাসিন্দাদের। 

শুধু এই দুই গ্রামের সড়ক নয়। জেলার তিন উপজেলার গ্রামীণ সড়কগুলোর অধিকাংশই এখনও কাঁচা। বর্ষা মৌসুমে এসব সড়কে শিক্ষার্থীসহ বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। 

সম্প্রতি সরেজমিনে নিরালী-দেবভোগ সড়কে গিয়ে দেখা যায়, সড়কজুড়ে কাদা আর কাদা। তিন গ্রামের মানুষের বাড়ি থেকে বের হয়ে সড়কটি দিয়ে যাওয়ার উপায় নেই। 

স্থানীয়রা জানান, সড়কটির কারণে মাঠের ফসল ঘরে তুলতে তাদের  কষ্টের শেষ নেই। 

নিরালী গ্রামের সম্রাট বিশ্বাস বিশ্বাস বলেন, জন্মের পর থেকে কাঁচা রাস্তা দিয়ে চলাচল। সারাবছর ফসল আনা-নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়। শীতকালে রাস্তা দিয়ে চলাচল করা গেলেও বর্ষাকাল  তা একেবারেই ব্যবহারের অনুপযোগী পড়ে। তিনি জানান, গ্রামটির অধিকাংশ পরিবার পান পাতার ওপর নির্ভরশীল। পান পাতা বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু সে পান যানবাহনে করে বাজারে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কাদা ভেঙে মাথায় করে পান বহন করে নিয়ে যেতে হয় বাজারে। 

সম্রাট বিশ্বাসের অভিযোগ, সড়কটি নির্মাণের জন্য রাজনৈতিক নেতাদের কাছে বারবার বলা হলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই জোটেনি। স্থানীয়রা একাধিকবার আবেদন করেও কোনো প্রতিকার পাননি। 

শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের বাবুল বিশ্বাস বলেন, 'দেবভোগ নিরালী ছয় কিলোমিটার দীর্ঘ সড়ক পাকা করতে একাধিকবার রাজনৈতিক নেতাদের বলা হয়েছে। ভোট আসলে প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলে না।'

মুলিয়া ইউনিয়নের পানতিতা গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী পপি রায়ের ভাষ্য, প্রতিদিন কাদা ভেঙে তাকে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। 

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) অধীনে থাকা এক হাজার ৪৪৭ টি সড়ক, যার দৈর্ঘ্য তিন হাজার ২২৫ কিলোমিটার। গ্রামীণ এ সড়কের ৬০ শতাংশ কাঁচা। এর মধ্যে রয়েছে, সদর উপজেলায় মোট সড়ক রয়েছে এক হাজার ১৮১ কিলোমিটারের মধ্যে কাঁচা সড়ক ৭৩৮ কিলোমিটার। এ উপজেলায় কাঁচা সড়ক রয়েছে ৬২ শতাংশ। 

লোহাগড়া উপজেলায় মোট সড়ক রয়েছে এক হাজার ১৯৯ কিলোমিটার এর মধ্যে কাঁচা ৭৮৯ কিলোমিটার। এ উপজেলায় কাঁচা সড়ক রয়েছে ৬০ শতাংশ ।

কালিয়া উপজেলায় মোট সড়ক রয়েছে ৭৪৫ কিলোমিটার। এর মধ্যে কাঁচা ৪৩৩ কিলোমিটার।এ উপজেলায় কাঁচা সড়ক রয়েছে ৫৮ শতাংশ ।

স্থানীয় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর বলেন, জেলায় ৬০ শতাংশ সড়ক এখনও কাঁচা। চলতি অর্থবছরে কয়েকটি প্রকল্পের মাধ্যমে কিছু সড়ক সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন, কিছু রাস্তা টেন্ডারে রয়েছে। এসব সড়ক জেলা অবকাঠামো উন্নয়ন ও বৃহত্তর যশোর জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে আনার জন্য কাজ চলছে। প্রকল্পগুলো পাস হলে  আগামী অর্থবছরে কাঁচা ও পাকা সড়ক ৫০ শতাংশে আনতে পারব। 

১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র শরিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র শরিফ
সংগৃহীত ছবি

১০ দিন ধরে নিখোঁজ রয়েছে লক্ষ্মীপুরের কমলনগরের ১১ বছর বয়সী মাদরাসাছাত্র মো. শরীফ। এ ঘটনায় থানায় জিডিও করেছেন মা মোফাশেরা বেগম। নিখোঁজের পর থেকে উৎকণ্ঠায় দিন পার করছে পরিবারটি।

শনিবার (২৭ জুন) দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবারটি। 

এর আগে ১৭ জুন সকালে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। শরীফ স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও একই এলাকার রিকশাচালক করিম চৌধুরীর ছেলে। 

নিখোঁজ শরীফের মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঘটনার দিন ভোরে শরীফ নামাজ পড়তে ওঠে। ২০ টাকা দিলে সে বিস্কুট কিনে নিয়ে এসে খায়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। 

নিখোঁজ শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, ‘১০ দিন ধরে শরীফকে কোথাও খুঁজে পাচ্ছি না। দয়া করে কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। তার শোকে আমার শ্বাশুড়ি অনবরত কান্না করে যাচ্ছে। 

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, ‘শরীফের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে খুঁজে পেতে। এ ছাড়া কেউ যদি তার সন্ধান পায় কমলনগর থানায় যোগাযোগ জন্য অনুরোধ জানাচ্ছি।
 

ঝিনাইদহ সীমান্ত থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সীমান্ত থেকে বিদেশি পিস্তল উদ্ধার

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেলেহাটি গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ সামন্তা বিওপির একটি টহলদল দুই চোরাকারবারিকে ধাওয়া করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সীমান্ত পিলার ৫৭/১ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গলে প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ​পরে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদক সিরাপ উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারদ ও মাদক মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুরে ৫ হত্যার ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না : এমপি খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৫ হত্যার ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না : এমপি খায়ের ভূঁইয়া
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরের মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাটি রাজনৈতিক বিষয় নয় এবং হিন্দু মুসলমানের বিষয়ও নয়। এটা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। 

শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

খায়ের ভূঁইয়া বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যা হবে আমরা তা আশা করি। এর সঙ্গে যদি অন্য কেউ থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা হিন্দু মুসলমানের বিষয় নয়। এটাকে পুঁজি করে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা যাবে না। ফ্যাসিস্ট আমলের দোষর একটি মিডিয়া এটাকে কৌশল করে ভুল তথ্য প্রচার করে বিতর্ক সৃষ্টি করতে চায়। আমি সাবধান করে দিচ্ছি। 

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলেই ভাই ভাই। এখানে আমরা সকল সাংবাদিকদের চিনি জানি। কিন্তু কোনো উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানাচ্ছি। 

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু ও রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।