হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলসিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান ওই গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানের ওপর নজরদারি চালিয়ে আসছিল আইন-শৃঙ্খলা বাহিনী। এরই মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘর তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




