ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সন্ধ্যায় দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসামীকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোবরাকুড়া গ্রামের আব্দুল বারেক মুন্সীর ছেলে জিয়াউল হক মিন্টু (২৪), পূর্ব গোবরাকুড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে সিয়াম (১৯), দক্ষিণ মনিকুড়া গ্রামের মো. হাবিবুল্লাহর ছেলে চাঁন মিয়া ওরফে সুলতান (৪২), হালুয়াঘাট উত্তর বাজার এলাকার মৃত হরমুজ আলীর ছেলে রিপন মিয়া (৪৮), মনিকুড়া গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. জয় (২৪), একই গ্রামের মৃত ফজল হকের ছেলে ইয়াসিন আকাশ (২৫) ও গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের মৃত হজরত আলীর ছেলে মো. আলাউদ্দিন (২৮)।
সাজাপ্রাপ্ত সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির সময় বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এ সময় থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামীদের এই দণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, "উপজেলায় মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত সোমবার ১১ জন ও মঙ্গলবার ৪ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।






