পরিস্থিতির উন্নতি হওয়ায় সাদাপাথর পর্যটনকেন্দ্র খুলে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ জুন) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও রবিন মিয়া বলেন, ‘ভারতের পাহাড়ি ঢলে সাদাপাথর এলাকা প্লাবিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।’
এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে রবিবার সাদাপাথর এলাকার অন্তত ৫০টি অস্থায়ী দোকান ভেসে যায়। একইভাবে গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়। তবে একদিনের ব্যবধানে পরিস্থিতির উন্নতি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘সোমবার সকাল ছয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢল কম হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।’




