ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাশ প্রান্ত (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সকালে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ফেনী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং প্রীতি লাল দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘সৃজন দাস’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম, মহানবী (সা.), মা ফাতিমা (রা.) এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা ছাগলনাইয়া পৌর শহরে তৌহিদী ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।




