• ই-পেপার

অপহরণের ৯ দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, অতঃপর...

গোপালগঞ্জ প্রতিনিধি
বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, অতঃপর...

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় বেইলি সেতু ভেঙে ট্রাক খালের মধ্যে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও বাইসাইকেলও পড়ে যায়। এতে ট্রাক চালক ও হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে বালু ভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি সেতুটি পার হওয়ার সময় সেতুটি ভেঙে গিয়ে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও পড়ে যায়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত খালের মধ্যে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার প্রক্রিয়া শুরু হয়নি। সেতুটি ভাঙার ফলে বিকল্প রাস্তা লেকপাড় সড়ক  দিয়ে যানবাহন চলাচল করছে।

আনোয়ারায় ঘরে পড়েছিল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ, হাসপাতালে ছেলে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় ঘরে পড়েছিল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ, হাসপাতালে ছেলে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৫ বছরের এক শিশু। শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত পিয়াস বড়ুয়া (৫) নিহত এনি বড়ুয়ার ছেলে।

ঘটনার বিষয়ে প্রতিবেশী সুরভী বড়ুয়া (৪০) বলেন, চিৎকার শুনে আমরা বের হয়ে দেখি ঘরের দরজায় এনি বড়ুয়া এবং তার ছেলের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায়। এসময় দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তারা মারা যান। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। 

এ বিষয়ে এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, আমি শহরে ছিলাম। রাতে আমার বড় ভাইয়ের ফোন পেয়ে বাড়ি এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে। 

তিনি বলেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে আমার আর্থিক লেনদেন ছিল, হয়তো সে রাতে আমার স্ত্রীর কাছে এসংক্রান্ত কাগজপত্রের সন্ধানে এসে আমার স্ত্রী-কন্যাকে হত্যা করেছে। মৃত্যুর আগে এনি বড়ুয়া লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম বলে গেছেন বলে জানান সুজন বড়ুয়া। 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। 

দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার (১৪ জুন) ভোর ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি নজরে আসার পর বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে রেখে আসে। পরে তারা কোথায় অবস্থান নিয়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পুশ ইনসহ সীমান্তের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি করছে।
 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার কেওয়াটখালী ব্রিজ-১ সংলগ্ন এলাকায় মাওয়ামুখী লেনের সার্ভিস রোডে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে গত ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে একই এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকায় সার্ভিস রোডে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।