• ই-পেপার

নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় পণ্ড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে কাভার্ডভ্যানচালক বাবলু (৫০) নিহত হয়েছেন। এঘটনায় তার সহকারী (হেল্পার) গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার নয়াগাঁও এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কাভার্ডভ্যানটি উল্টে যায় এবং দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় কাভার্ডভ্যানচালক বাবলু ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা হেল্পার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত হেল্পারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রংপুরে টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩

রংপুর মহানগরীর মডার্ন মোড় এলাকায় ঢাকাগামী বাসের টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা।

আজ শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

গ্রেপ্তাররা হলেন– গংগাচড়া উপজেলার তালুক হাবুর মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ কবির মিয়া (৪৩), তাজহাট এলাকার চেয়ারম্যান পাড়ার সেকেন্দার আলীর ছেলে এনামুল (৩২) এবং নগরীর গুড়াতিপাড়ার মৃত মঞ্জুর আলীর ছেলে টিটল (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, মর্ডান মোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ঢাকাগামী বিভিন্ন বাসের টিকিট আগেভাগে সংগ্রহ করে রাখত। পরে সেই টিকিট সাধারণ যাত্রীদের কাছে দ্বিগুণ কিংবা অতিরিক্ত দামে বিক্রি করে তারা অবৈধভাবে অর্থ উপার্জন করছিল। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।

শুক্রবার রাতে মর্ডান মোড়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাজহাট থানা পুলিশ। এ সময় হাতেনাতে তাদের আটক করা হয় এবং ঘটনাস্থল থেকেই প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা নিয়মিত বাসের টিকিট সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

স্থানীয় যাত্রী ও সচেতন নাগরিকরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বাস টিকিট নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কমাতে এ ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা নিয়মিত অভিযান ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান এবং তাদের সংশ্লিষ্টতা আরো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, জনসাধারণের ভোগান্তি নিরসন এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে তাজহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জনস্বার্থবিরোধী সকল অপরাধ দমনে আমরা সর্বদা তৎপর এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোতে নজরদারি আরো বাড়ানো হবে, যেন কোনোভাবেই যাত্রী হয়রানি বা সিন্ডিকেটভিত্তিক ভাড়া বাণিজ্য গড়ে উঠতে না পারে।

সাতক্ষীরায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪
সংগৃহীত ছবি

সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একিট সীমানা পিলারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা( ৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কার গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার( ৪২) এবং বটিয়াঘাটা উপজেলার সুন্দর মহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খেশরা  ইউনিয়নের কলাগাছি গ্রামে ভোলানাথ সানার বসতবাড়ির পাশে মাটির ঘরের নিচে একটি সীমানা পিলার রয়েছে।ওই সীমানা পিলার বেচাকেনার চেষ্টা চলছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে পিলারসহ সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘সীমানা পিলারসহ সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত
ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফেরার প‌থে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ‘একজন কু‌ড়িগ্রামে, অপরজন রংপু‌রে নেওয়ার প‌থে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’