• ই-পেপার

লালমনিরহাটের ৩ সীমান্তে ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক
ফাইল ছবি

নোয়াখালী জেলা শহরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ১৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং একজন প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। কয়েক দিন আগে জেলা শহরে একটি কিশোর গ্যাং প্রকাশ্যে বড় ধরনের শোডাউন করে। এসব গোষ্ঠীর সদস্যরা নানা ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে পুলিশ।

জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘কেপিজি’ নামের পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের পরিচয়, বয়স ও সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক তদন্ত শেষে শনিবার সকালে আটকদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

যমুনা সেতুতে ২৩ ঘণ্টায় ২৪ দুর্ঘটনা, ঢাকামুখী মহাসড়কে ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি
যমুনা সেতুতে ২৩ ঘণ্টায় ২৪ দুর্ঘটনা, ঢাকামুখী মহাসড়কে ভোগান্তি
রাত ১১টার দিকে সেতুর পশ্চিম মহাসড়কের কামারখন্দ এলাকা থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

ঈদের ছুটি শেষ করে শনিবার থেকে পোশাক কারখানাগুলো খুলছে। তাই উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে কর্মমুখী মানুষ ঢাকায় ছুটছে। এ কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। এসব যানবাহনগুলো যমুনা সেতু অতিক্রম করার সময় গত ২৩ ঘণ্টায় সেতুর ওপরে ছোট-বড় মিলে ২৪টি দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে ৬টি দুর্ঘটনার সময় উদ্ধার কাজে রেকার ব্যবহার করতে হয়েছে। দুর্ঘটনার সময় কখনও সেতুর দুই লেন অথবা কখনও এক লেন বন্ধ রাখতে হয়েছে। যার প্রভাব সেতুর দুই পাড়েই পড়েছে। এজন্য শুক্রবার (৫ জুন) সকাল থেকেই সেতুর পশ্চিমপাড়ে যানজট ও দুর্ভোগ পোহাতে হয়েছে কর্মমুখী এসব যানবাহন ও মানুষজনকে।

বিকেলের পর থেকে অবস্থার কিছুটা উন্নতি হতে থাকে। তবে সর্বশেষ রাত ৯টার দিকে যমুনা সেতুর ওপরে দুইটি বাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। এ ঘটনার পর যমুনা সেতুর পশ্চিমপাড়ে আবারও প্রায় ১৫ কিলোমিটার যানজট দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি দুর্ঘটনার কারণে সেতুর ওপর দিয়ে ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

আমিরুল ইসলাম আরো বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১টা পর্যন্ত গত ২৩ ঘণ্টায় সেতুর ওপরে ছোট বড় ২৪টি দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত ১১টার পর থেকে সেতুর পূর্বপাড়ের যানবাহন পারাপার বন্ধ রেখে সেতুর প্রতিটি লেন দিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী যানবাহন পারাপার শুরু করা হয়েছে। আমরা আশা করছি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, পশ্চিম টোলপ্লাজা পার হওয়ার পরপরই যানবাহন বিকল হওয়া, একটার পিছনে আরেকটার ধাক্কাসহ নানা কারণে সেতুর ওপরে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। সেগুলো দ্রুত নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। বর্তমান পরিস্থিতিতে সেতুর উভয় লেনেই যান চলাচল ব্যাহত হচ্ছে। যেকোনো একটি যানবাহন বিকল হলেই পেছনে দীর্ঘ সারি তৈরি হয়। আজ যানবাহনের চাপও অনেক বেশি, ফলে সংকট আরও বেড়েছে।

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাসের চালক রুবেল শেখ রাত ১১টার দিকে মোবাইলে বলেন, শুক্রবার সকাল ১০টার পর যমুনা সেতু অতিক্রম করার সময় পশ্চিমপাড়ে ৫ ঘণ্টা যানজটে আটকে ছিলাম। কোনাবাড়ি থেকে ফেরার পথে রাত ৮টার সময় টাঙ্গাইলের এলাঙ্গায় এসে সেতুর পূর্বপাড়ে যানজটে আটকে আছি। কখন সেতু পার হতে পারবো বুঝতে পারছি না।

সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কে সার্বক্ষণিক সিসি ও ড্রোন ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মহাসড়কের আপডেট পরিস্থিতি প্রচার করা হচ্ছে। যানবাহন ও জনদুর্ভোগের কারণে জেলা পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এ মহাসড়ক দিয়ে সাধারণ সময়ে ১৭/১৮ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময়ে তা বেড়ে ৫০ হাজারের অতিক্রম করে থাকে।

লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

অনলাইন ডেস্ক
লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি : ভিডিও থেকে নেওয়া

নিষিদ্ধ ঘোষণার দীর্ঘদিন পর প্রথমবারের মতো লালমনিরহাট শহরে ব্যানারসহ ঝটিকা মিছিল বের করেছে জেলা ছাত্রলীগ।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর জেলা শহরের রেলওয়ে কর্মকর্তাদের বাসভবন এলাকা ও বুড়িমারী পাটগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। আশপাশের কিছু এলাকার সড়ক প্রদক্ষিণ করে শহরের বিজিবি ক্যান্টনমেন্ট মোড় এলাকায় ফিরে এসে শেষ হয় ঝটিকা মিছিলটি।

১০ মিনিটের মতো স্থায়ী এ ঝটিকা মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের লালমনিরহাটের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এসময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

মিছিল শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেন অংশগ্রহণকারীরা।

আকস্মিক এ মিছিলের কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।

‘আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না’

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
‘আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না’
কটিয়াদীতে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম। ছবি: কালের কণ্ঠ

আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না। তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই যুবসমাজ খেলাধুলার মাধ্যমে বিকশিত হোক। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা-পরবর্তী জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ইন্সট্রাক্টর হিসেবে চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়াম মাঠে অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র আয়োজিত ফ্রি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াকে পাঠ্যপুস্তকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতিমধ্যে দেশের প্রতিটি জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে। এ ছাড়া ট্যালেন্ট হান্টের মাধ্যমে ফুটবল, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় দক্ষ খেলোয়াড় তৈরি করা হচ্ছে।

তিনি পুরো খেলাটি উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

ফাইনাল খেলাকে ঘিরে কটিয়াদী ছাড়াও আশপাশের জেলা নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহ থেকে হাজারো দর্শক মাঠে জড়ো হন। একপর্যায়ে মাঠটি ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। দর্শকদের গগনবিদারী চিৎকার ও উচ্ছ্বাসে সৃষ্টি হয় ভিন্ন এক আবহ। বিপুলসংখ্যক দর্শকের ভিড় সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হয়েছে।

খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের আয়োজনে ৩৩তম লক্ষ টাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্যভাবে শেষ হলে খেলা গড়ায় শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে। টানটান উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে ১-০ গোলে বেতাল ছুবেজ্জামান একাদশকে হারিয়ে বোয়ালিয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়ে উভয় দলই নাইজেরিয়া ও উগান্ডার একঝাঁক বিদেশি খেলোয়াড় এবং জাতীয় দলের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামে।