• ই-পেপার

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৬ জন আটক

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির দাম্মাম শহরের একটি বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও স্বজনরা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানের জনক শামীম হোসেন জীবিকার তাগিদে ২০২৪ সালে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি তেল পাম্পে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সৌদি সময় বিকেল ৫টার দিকে বাসার ছাদে শুকনো কাপড় আনতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সৌদি পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়। বর্তমানে তার মরদেহ সেখানে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

শামীমের মা জরিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এখন শুধু চাই তার মরদেহটা যেন দেশে ফিরে আসে।’

বাবা আব্দুস ছালাম বলেন, ‘ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। পরিবারের জন্য ভালো কিছু করবে—এই আশাই ছিল। কিন্তু তার মৃত্যুর খবর শুনে আমরা দিশাহারা হয়ে গেছি।’

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা বলেন, ‘সুখের আশায় পরিবারটি অনেক কষ্ট করে শামীমকে বিদেশে পাঠিয়েছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

পীরগঞ্জে ৬০০ ফিট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জে ৬০০ ফিট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
ছবি: কালের কণ্ঠ

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জে। আজ শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ৬০০ ফিট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রায় শত শত আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করেন। তারা আর্জেন্টিনার জার্সি পরিধান করে বাঁশি বাজিয়ে বাদ্যযন্ত্রসহ বিভিন্ন স্লোগানে ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। দীর্ঘ ৬০০ ফিট পতাকাটি বহন করে সমর্থকরা উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখান, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

শোভাযাত্রাটি পীরগঞ্জের কেন্দ্রস্থল পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা এবং বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।

00

আয়োজকদের মতে, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তারা জানান, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করে।

শোভাযাত্রা উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিভিন্ন বয়সের মানুষ এ আয়োজন উপভোগ করেন এবং অনেকেই দীর্ঘ পতাকা ও শোভাযাত্রার ছবি ও ভিডিও ধারণ করেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজক ছিলেন মাহমুদুল হাসান সোহেল, কাজল, পাপ্পু, জাকির, সানি প্রমুখ।

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

নিজস্ব মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা
সংগৃহীত ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এই ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানা-পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিমন মোল্লা ওই গ্রামের সিরাজ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন চালক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। লিমনের এক কন্যাসন্তান রয়েছে। তিনি বর্তমানে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় তার নানির কাছে থাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আত্মহত্যার সময় লিমন ঘরে একাই ছিলেন। ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ঘটনার ঠিক আগেই তিনি ঢাকায় অবস্থানরত তার স্ত্রী উর্মির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব ও তীব্র মানসিক চাপের কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মদনে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
মদনে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
নেত্রকোনা মদনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২ আসামি।

নেত্রকোনা মদনে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মদন থানায় কর্মরত কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হয়েছেন। এ ঘটনায় মদন থানার এসআই আক্তার হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জন আসামি করে শুক্রবার মদন থানায় মামলা করেন।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে এমন ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে হামলার নেতৃত্ব দেওয়া সৈয়দ মিঠু মিয়া নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। সৈয়দ মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও মদন পৌরসদরে ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার সৈয়দ মিঠু মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

মামলার অপর আসামি জামাল ভূইয়াকে (জাপান) শুক্রবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। জামাল ভূইয়া উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়ার মৃত হেলিম ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দুর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে। এ সময় ওই স্থানে আসে ছাত্রদল নেতা মিঠু মিয়া। পরে পুলিশ তাকে একটু দূরে সরতে বললে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা করেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় মদন থানার এসআই আক্তার হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জন আসামি করে শুক্রবার মদন থানায় মামলা করেন। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে কুলিয়াটি এলাকা থেকে মামলার অপর আসামি জামাল ভূঁইয়াকে (জাপান) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। দুজন আসামিকে গ্রেপ্তার তরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমি উপস্থিত থেকে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করেছি। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। সে বিষয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে।’