• ই-পেপার

চীনের হোহাই ইউনিভার্সিটি থেকে রুবাইয়াত শবনম অনিকার কৃতিত্বপূর্ণ মাস্টার্স ডিগ্রি অর্জন

লক্ষ্মীপুরে একই পরিবারের চারজনকে হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
লক্ষ্মীপুরে একই পরিবারের চারজনকে হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সমিতির সভাপতি সৈয়দ আব্দুর রহিম বলেন, দেশে মানুষের নিরাপত্তা দিন দিন হুমকির মুখে পড়ছে। প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। লক্ষ্মীপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাকে তিনি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা সমাজে চরম উদ্বেগ সৃষ্টি করছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’

রায়পুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি লাবিব হাসান রাব্বি বলেন, এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও সেগুলো নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি নিহত পরিবারের বেঁচে থাকা একমাত্র ছেলের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় সমিতির সহ-সভাপতি মুফাচ্ছের হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মো. সজিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীশূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীশূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত
সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ৬২১টি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বিধি মোতাবেক এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

বোর্ডের প্রকাশিত তালিকায় দেখা গেছে, মোট ৬২১টি কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।

আদেশে জানানো হয়, যেসব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ কোনো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সব ধরনের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল করা হবে না, তার যৌক্তিক ব্যাখ্যা আগামী ২২ জুলাইয়ের মধ্যে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

কারিগরি বোর্ড জানিয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪’ এর উপবিধি ৪.২, ৪.৪ এবং ৫.৪ অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাব, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত অন্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড যেকোনো প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।

শিক্ষকদের কড়া বার্তা মন্ত্রীর, গ্রামে পাঠানোর হুঁশিয়ারি

খুলনা অফিস
শিক্ষকদের কড়া বার্তা মন্ত্রীর, গ্রামে পাঠানোর হুঁশিয়ারি
সংগৃহীত ছবি

যারা বিগত ২০ বছর ধরে গ্রামের শিক্ষা ফাঁকি দিয়ে শহরে এসেছেন তাদের আবারও গ্রামে পাঠানো হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘গ্রামের শিক্ষক সংকট থাকবে আর সকলে শহরে এসে সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষকতা করবেন, সেটা হতে পারে না। শিক্ষায় গ্রামাঞ্চল অনগ্রসর থাকতে পারে না।’

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের লক্ষ্যে খুলনায় কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘৬০ হাজার শিক্ষক সংকট নিয়ে দেশের শিক্ষাব্যবস্থা চলছে। এভাবে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়, তাই পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে শুধু নম্বরপত্র যোগ করা হতো, তাই আইন পরিবর্তন করে খাতা চেক করার সুযোগ রাখা হয়েছে।’

আসন্ন পরীক্ষা প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, ‘নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ায় দেশে নকলের প্রবণতা প্রায় নির্মূল হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন, প্রশ্নপত্রের নিরাপত্তা বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো অনিয়ম ও বিশৃঙ্খলাকে ছাড় দেওয়া হবে না।’

দেশের শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন ও সংস্কারের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছরের জুলাই থেকে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের পোশাক ও মিড ডে মিল দেওয়া হবে। এই সরকারের কাছে কোনো দাবি জানাতে হবে না। সরকারই দাবি পূরণ করবে। শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান বৃদ্ধি করতে হবে।’

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুখে আযম মো. আব্দুস সালাম। মতবিনিময়সভায় যশোর শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন খুলনা অঞ্চলের কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার : অধ্যাপক মামুন

নিজস্ব প্রতিবেদক
মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার : অধ্যাপক মামুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, উচ্চশিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এখন মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আয়োজিত ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচি পরিদর্শনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য উচ্চশিক্ষার রূপান্তর। এ লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, গবেষণায় অর্থায়ন বৃদ্ধি এবং শিক্ষক প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, অতীতে অবকাঠামোগত উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন মানবসম্পদ উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষক ও প্রশাসনের দক্ষতা বাড়াতে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে সেবার মান, স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়াতে সহায়তা করবে।

ইউজিসি সদস্য বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারেও শিক্ষা খাতে অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আরো আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইউজিসি।