রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেস ক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আশিকুল ইসলাম ধ্রুব সভাপতি ও একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা পোস্টের প্রতিবেদক জুবায়ের জিসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেল ৩টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফজলুল হক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি ডেইলি ক্যাম্পাস ও মানবজমিনের প্রতিনিধি মারুফ হোসেন মিশন এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মিরাজ আফ্রিদি, সহ-সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক বণিক বার্তার প্রতিনিধি আবু ছালেহ শোয়েব, কোষাধ্যক্ষ দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ফজলে রাব্বি পরশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমার দেশের প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি আজাহারুল ইসলাম মীর তুহিন, দপ্তর সম্পাদক দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আবু বকর অনিক এবং ক্রীড়া সম্পাদক এশিয়া পোস্টের প্রতিনিধি সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি বিপ্লব উদ্দিন, বাণিজ্য বার্তার প্রতিনিধি সামিয়া আক্তার এবং জাগরণ নিউজের প্রতিনিধি রাফসান আলম।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক আখতার হোসেন মজুমদার, সদ্য বিদায়ী সভাপতি মনির হোসেন মাহিন এবং মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত।
প্রসঙ্গত, ১৩ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।






