• ই-পেপার

শনির দশা কাটছে না

  • বাড়ছে পাচার, কমছে বিনিয়োগ
  • ব্যাংকিং খাতে অস্থিরতা, রপ্তানিতে ধীরগতি

পোশাক খাতের রপ্তানি আয় কমেছে

অনলাইন ডেস্ক
পোশাক খাতের রপ্তানি আয় কমেছে

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং অভ্যন্তরীণ নানান সীমাবদ্ধতার ধাক্কায় দেশের শীর্ষ বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ে পতন ঘটেছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (আরএমজি) খাত ২০২৫-২৬ অর্থবছরে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করেছে, যা আগের অর্থবছরের ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার থেকে ১ দশমিক ৬৪ শতাংশ কম। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্য অনুযায়ী এ তথ্য জানা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন

ইপিবির তথ্য অনুযায়ী, তৈরি পোশাকের মধ্যে ওভেন পোশাক রপ্তানি ১৮.১৯ বিলিয়ন ডলার থেকে সামান্য কমে ১৮.০৮ বিলিয়ন ডলারে নেমেছে, যা আগের বছরের তুলনায় ০.৬১ শতাংশ কম। অন্যদিকে নিট পোশাক রপ্তানি ২১.১৬ বিলিয়ন ডলার থেকে কমে ২০.৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ নিট পোশাক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৩ শতাংশ।

মাসভিত্তিক তথ্যে দেখা যায়, বিদায়ী অর্থবছরের শুরুতে জুলাই মাসে রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ছিল। ওই মাসে মোট রপ্তানি ২৪.৬৭ শতাংশ বেড়ে ৩.৯৬ বিলিয়ন ডলারে পৌঁছায়। এপ্রিলে ৩১ দশমিক ২১ শতাংশ এবং জুনে ২১ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়। তবে আগস্ট থেকে মার্চ পর্যন্ত অধিকাংশ মাসেই রপ্তানিতে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। এর মধ্যে মার্চ মাসে সর্বোচ্চ ১৯ দশমিক ৩৫ শতাংশ এবং ডিসেম্বরে ১৪ দশমিক ২৩ শতাংশ পতন রেকর্ড করা হয়। ফেব্রুয়ারিতেও রপ্তানি ১৩.২১ শতাংশ কমে যায়। অর্থবছরের কয়েক মাসে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেলেও অধিকাংশ মাসে রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিকভাবে বার্ষিক হিসাবে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘বিশ্ববাজারে দুর্বল চাহিদা ও ক্রেতাদের কম দাম প্রস্তাবের কারণে অনেক কারখানা লোকসানে পড়েছে। মজুরি, সুতা, রং, রাসায়নিক, জ্বালানি ও অন্যান্য উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে

বিকল্প খুঁজছে সরকার

বছরজুড়েই থাকবে অর্থনৈতিক সংকট সক্রিয় করা হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ফোরামকে

অনলাইন ডেস্ক
বিকল্প খুঁজছে সরকার

উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও বিভিন্ন ঋণ এবং সহায়তার জন্য শুধু আইএমএফ, বিশ্বব্যাংকের ওপর নির্ভর না থেকে এর বিকল্পও খুঁজছে সরকার। এজন্য চায়না, জাইকা, ডিএফআইডি, আইডিবিসহ বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে। এতে দেশের বৈদেশিক ঋণে এক রকম প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হবে। যার ফলে বড় কোনো বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণদাতা সংস্থা বা দেশের সঙ্গে দর কষাকষির সুযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, বাংলাদেশ উন্নয়ন ফোরামকে (বিডিএফ) সক্রিয় করার চিন্তাভাবনা করা হচ্ছে। ৩২টি দেশ ও সংস্থা নিয়ে গঠিত এই বিডিএফের সম্মেলনও ডাকা হতে পারে এ বছরই। এ ছাড়া বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমেও দেশিবিদেশি বিনিয়োগ আকর্ষণের কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশির বিন হারুনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এ ধরনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে জানা গেছে, পয়লা জুলাই-২০২৬ থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের পুরো সময়জুড়েই দেশে অর্থনৈতিক সংকট বিরাজ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। খোদ অর্থমন্ত্রীও আর্থিক খাতের সংকট কাটাতে আরও অন্তত দুই বছর সময় চেয়েছেন। তবে নতুন বাজেটে যে সব সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়নের ওপর নির্ভর করছে অর্থনৈতিক পুনরুদ্ধার। এ সংকট কাটাতে বিশ্বব্যাংক ও আইএমএফ সহায়তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইএমএফের সঙ্গে নতুন করে ঋণচুক্তির আলোচনা শুরু করতে যাচ্ছে সরকার। এজন্য নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে আইএমএফের একটি প্রতিনিধিদল আগামী ১২-১৭ জুলাই ঢাকা সফর করবে। সদ্য বিদায়ি ২০২৫-২৬ অর্থবছরেও তীব্র আর্থিক সংকটের মধ্যেই দেশ পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি সরকার। এর মাত্র চার মাসের মাথায় নতুন বাজেট ঘোষণা করা হয়। যা গত বুধবার থেকে কার্যকর করা হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে আইএমএফ ও বিশ্বব্যাংক আলাদা আলাদা প্রতিবেদনে বলেছিল বাংলাদেশেরে অর্থনীতিতে ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত সংকট বিরাজ করবে। অবশ্য নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি স্থিতিশীলতার দিকেই এগোচ্ছে বলে মনে করে আইএমএফ। এদিকে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব এখনো কাটেনি। হরমুজ প্রণালি স্বাভাবিক হলেও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এখনো টালমাটাল। দেশের অর্থনীতির ওপরও এর একটা বড় ধরনের প্রভাব পড়েছে। অবশ্য বিশ্বব্যাংকের প্রকাশিত সবশেষ আউটলুকে সদ্য শুরু হওয়া বছরের জন্য কয়েকটি চ্যালেঞ্জ চিহ্নিত করেছে অন্তর্বর্তী সরকারও। যেগুলোকে নতুন বাজেটে অগ্রাধিকার হিসেবে স্থান দেওয়া হয়েছে। এগুলো হলো- অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি, রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান বাড়ানো, আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, রাজস্ব আয় বাড়ানো, ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, এলডিসি থেকে উত্তরণ প্রস্তুতি এবং শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো। এদিকে অর্থনৈতিক মন্দার কারণে রাজস্ব আদায়ে বিপুল পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে। যা লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অবশ্য এর চূড়ান্ত হিসাব পেতে আরও অপেক্ষা করতে হবে। এ কারণে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে। এদিকে অর্থনৈতিক সংকট কাটাতে বাংলাদেশ সরকারের জন্য বেশ কয়েকটি সুপারিশ করেছে বিশ্বব্যাংক। এর মধ্যে আছে- রাজস্ব আদায় ব্যবস্থায় ব্যাপক সংস্কার করে আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া, রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে আয় বাড়ানো, সামাজিক সুরক্ষা কর্মসূচি সঠিক খাতে কার্যকর করা, অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নেওয়া। কাজগুলো দ্রুত সম্পন্ন করলে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে বলে বিশ্বব্যাংক মনে করছে। বাংলাদেশ অবশ্য এসব সংকট মোকাবেলা করে সামনে এগোচ্ছে। কিন্তু সংকটের প্রভাবে জনজীবনে যেসব আঘাত লেগেছে সেগুলোর উপশম এখনো হচ্ছে না। এজন্য সরকারকে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে, রাজস্ব আয় ও কর্মসংস্থান বাড়ানোর পথ সুগম করতে হবে বলে মনে করে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, নির্বাচিত সরকারের ওপর উন্নয়ন সহযোগীদের আস্থা কিছুটা বেড়েছে। এজন্য সংস্থাগুলো ঋণ ও সহায়তা বাড়াতে আগ্রহ প্রকাশ করছে। তবে সরকার যদি বৈদেশিক ঋণের উৎসের ক্ষেত্রে ভেরিয়েশন আনতে পারে তবে একদিকে আর্থিক সাশ্রয় হবে অন্যদিকে বারগেইন করার সক্ষমতাও বাড়বে বলে তিনি মনে করেন।

টানা দুই দফায় ভরিতে কত বাড়ল সোনা-রুপার দাম

নিজস্ব প্রতিবেদক
টানা দুই দফায় ভরিতে কত বাড়ল সোনা-রুপার দাম
সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এ নিয়ে দুই দফায় মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা। অন্যদিকে ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এ নিয়ে দুই দফায় রুপার দাম বাড়ানো হয়েছে ৪০৮ টাকা।

সবশেষ শুক্রবার (৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ২য় দফা সোনা-রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
 
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। সোনার অলংকার ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, সবশেষ গত ২ জুলাই সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৬ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৪৩ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪২ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়ছে ৪ হাজার ৮৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বেচাকেনা হচ্ছে।
 
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য রৌপ্যালংকার ও সোনার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে সবশেষ গত ২ জুলাই সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৩ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৬ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

বিশ্ববাজারে সোনা-রুপার দাম আরো বাড়ল

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে সোনা-রুপার দাম আরো বাড়ল
সংগৃহীত ছবি

টানা চার সপ্তাহ দরপতনের পর আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানসংক্রান্ত নতুন প্রতিবেদনে আশানুরূপ অগ্রগতির দেখা পাওয়া যায়নি। তাই নিকটবর্তী সময়ে ফেডের সুদের হার বাড়ানোর আশঙ্কা হ্রাস পেয়েছে। এতে করে মূল্যবান এই ধাতুর দাম ঊর্ধ্বমুখী হয়েছে। খবর রয়টার্স

শুক্রবার (৩ জুলাই) স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৪ দশমিক ২১ ডলারে পৌঁছায়, যা গত ২৩ জুনের পর সর্বোচ্চ। আগামী আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, ‘গত মাসে মার্কিন কর্মসংস্থানে বড় ধরনের মন্দার কারণেই সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমে যাওয়ায় তাৎক্ষণিক এই মূল্যবৃদ্ধি আপাতত যৌক্তিক বলেই মনে হচ্ছে।’

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত মাসে মার্কিন অ-কৃষি খাতে কর্মসংস্থান বেড়েছে ৫৭ হাজার। রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদদের প্রত্যাশিত ১ লাখ ১০ হাজারের চেয়ে এই সংখ্যা বেশ কম।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬২ দশমিক ১৯ ডলার, প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬৬৫ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৭৮ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।