জুলাই আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৯ জুন) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শুনানিকালে কারাগারে থেকে তাকে আদালতের এজলাসে তোলা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার দেখানোর শুনানিতে আসামি পক্ষের আইনজীবী সামসুর রহমান বাদল বলেন, ‘সাবেক এই এমপিকে হাইকোর্ট ডিভিশন থেকে ইতিমধ্যে রমনা থানা মামলা থেকে জামিন দেওয়া হয়েছে। যখন তিনি মুক্তি পাবেন তখনই তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আরেক মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হচ্ছে। এই মামলায় এজাহারে আসামির নাম নেই। তাকে রাজনৈতিক হয়রানি করতে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আসামি শারীরিকভাবে অসুস্থ বয়স বিবেচনা তাকে এই মামলায় গ্রেপ্তার না দেখানোর প্রার্থনাও করা হয়েছে।’
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১ টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৪ সালের ২২ অগাস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল তাকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।





